বগুড়া, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বগুড়ার সোনাতলায় বুধবার সকালে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহতের নাম রওশন আলম রতন (৪৩)। হামলায় আরও চার জন আহত হন। এর মধ্যে এক জনকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনাতলার দিগদাইর ইউনিয়নের চারারকান্দি গ্রামে সকাল ৯টার দিকে ওই ঘটনা ঘটে বলে পুলিশ ও নিহতের স্বজনরা জানায়।
নিহতের খালা উম্মে বেগম সাংবাদিকদের বলেন, "রওশনের বাবা আনোয়ার হোসেন ছয় মাস আগে গ্রামের বকুল তালূকদারের কাছ থেকে পাঁচ বিঘা জমি কেনেন। কিন্তু ওই জমির আগের বর্গাচাষীরা জমির দখল রতনদের না দিয়ে নিজেরাই ভোগ দখল করতে থাকে। আজ সকাল (বুধবার) ৯টার দিকে রতন লোকজন নিয়ে জমির ধান কাটতে গেলে বর্গাচাষীরা বাধা দেয়। ওই সময় তাদের বর্ষার ফলার আঘাতে রতন ঘটনাস্থলেই মারা যায়।"
হামলায় আহত হয় খায়রুল আলম সাগর ও তার স্ত্রী রেবা এবং টপি ও দিপু নামে চার জন। এর মধ্যে সাগরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল ইসলামসহ সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
সোনাতলা থানার উপ-পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, "হামলাকারীরা গা ঢাকা দিয়েছে। তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হবে।"
নিহত রতন ঢাকার একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের মহাপরিচালক বলে তার স্বজনরা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৭ ঘ.
bdnews24