ফরিদপুর, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চাহিদামত সার না পেয়ে কৃষকরা আবারও সড়ক অবরোধ করেছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে ফরিদপুর-বোয়ালমারী সড়ক অবরোধ করে ক্ষুদ্ধ কৃষকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের চাহিদামত সার দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
এর আগে রোববার উপজেলার শেখর ইউনিয়নে চাহিদামত সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা সড়ক অবরোধ করেছিলেন। দাদপুর ইউনিয়নে সোমবারও কৃষকরা ডিলারের দোকানে চড়াও হন। তারা একটি দোকানের কলাপসিবল গেট ভেঙে ফেলেন।
সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সাংবাদিকদের জানান, আরও ১০ দিন আগে থেকে কৃষকের সারের প্রয়োজন ছিল। কিন্তু কাদিরদী বাজারের সাব-ডিলার জয়দেব কুণ্ডুর দোকানে মাত্র ৮০ বস্তা সার আছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে হাজার খানেক কৃষক সার নিতে ওই দোকানে আসেন। চাহিদামত সার না পেয়ে তারা ক্ষুদ্ধ হয়ে ফরিদপুর-বোয়ালমারী সড়ক অবরোধ করে। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি জানান, খবর পেয়ে সাড়ে ১০টার দিকে বোয়ালমারীর ইউএনও, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তারা আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের চাহিদামত সার দেওয়ার আশ্বাস দিয়েছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি চলতি দায়িত্বে) নরেশ কর্মকার জানান, কৃষকরা চাহিদামত সার না পেয়ে সড়ক অবরোধ করেছিল। পরে কর্মকর্তারা গিয়ে তাদের সার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন। এতে কৃষকরা অবরোধ তুলে নেন।
বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল আউয়াল জানান, এ বছর ৫ হাজার ৮০০ হেক্টর জমির পরিবর্তে ১০ হাজার ২০০ হেক্টর জমিতে আমন রোপণ করা হয়েছে। এতে সারের চাহিদা বেড়ে গেছে। আগের হিসেবেই সারের চাহিদা ছিল ৫ হাজার ৮০০ মেট্রিক টন। কিন্তু বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৩ হাজার মেট্রিকটন। এ জন্য এখানে কৃষকরা চাহিদামত সার পাচ্ছেন না।
ইউএনও জানান, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছে অতিরিক্ত সার বরাদ্দের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। শিগগিরই অতিরিক্ত বরাদ্দ পাওয়া যাবে এবং সমস্যার সমাধান হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২০৪০ ঘ.
bdnews24