ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।
রোববার রাত ১টা ৫৫ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ড্রাগন এয়ারওয়েজ এর একটি ফ্লাইটে করে প্রধান উপদেষ্টা বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন বলে জানিয়েছেন বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নুরুল ইসলাম।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন- তার স্ত্রী নীনা আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম ও প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম।
চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা ছাড়াও এ সফরে অর্থনৈতিক বিষয়গুলো গুরুত্ব পাবে। দু'দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর বিষয়েও আলোচনা হবে।"
তিনি বলেন, চীন ও বালাদেশ পরস্পরকে ভালো বন্ধু হিসেবে মনে করে এবং এই সম্পর্ক বিশ্ব পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে তার বিশ্বাস।
প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া শি জিনপিং আয়োজিত ভোজসভাতেও যোগ দেবেন তিনি।
সফর শেষে প্রধান উপদেষ্টা ১৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএআর/জিএনএ/১১২০ ঘ.
bdnews24