চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেনের বাড়ি থেকে শনিবার ৮৭টি ত্রাণের ঢেউ টিন উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে মোয়াজ্জেম হোসেন, তার ছোট ভাই আলাউদ্দিন ও চাচাতো ভাই মতিউর রহমানেরর বিরুদ্ধে মামলা হয়েছে।
তবে তাদের কাউকে গ্রেপ্তার করা যায়নি।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, উপজেলার পারবতীপুর ইউনিয়নের বড়দাদপুর গ্রামে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের চালা থেকে ৮৭টি সরকারি ত্রাণের ঢেউ টিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোয়াজ্জেম, তার ছোট ভাই আলাউদ্দিন ও চাচাতো ভাই মতিউরের বিরুদ্ধে সরকারি ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে থানায় মামলা করেছে পুলিশ।
তবে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে উপপরিদর্শক আমিনুল জানান।
মোয়াজ্জেম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সব টিন আমার নয়, আমার বাড়ি থেকেও উদ্ধার হয়নি। পুলিশ টিনগুলো উদ্ধার করেছে ছোট ভাই আলাউদ্দিনের বাড়ি থেকে। সে টিনগুলো অন্যের কাছ থেকে কিনেছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২২ ঘ.
bdnews24