রাজবাড়ী, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেরি স্বল্পতার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া ফেরিঘাটে গত দু'দিনের তীব্র যানজট বুধবারও নিরসন হয়নি।
১১টি ফেরির মধ্যে সার্বক্ষণিকভাবে চলছে ছয়টি ফেরি। এ অবস্থায় নদী পারাপারের অপেক্ষায় উভয়পাড়ে আটকে আছে এক হাজারেরও বেশি যানবাহন। এর মধ্যে অধিকাংশই পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস।
গত ৪/৫ দিনের আটকে থাকা ট্রাকের সারি বুধবার বিকেলে দৌলতদিয়া ফেরি ঘাট এবং টার্মিনাল ছাড়িয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ ছাড়িয়ে গেছে।
দীর্ঘক্ষণ ফেরি ঘাটে আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসি'র সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গোপাল মজুমদার জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১১টি ফেরির মধ্যে বর্তমানে বীরশ্রেষ্ঠ হামিদুর, মতিউর, শাহ মখদুম, জালাল, কেরামত আলী ও শাহ আলী এই ৬টি ফেরি চলাচল করছে।
তিনি জানান, খানজাহান আলী নামের ফেরিটির মেরামত কাজ চলছে পাটুরিয়া ভাসমান কারখানায়। অপর ৪টি ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, আমানত শাহ, এনায়েতপুরী ও শাহ পরান মেরামতের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে রয়েছে।
গোপাল মজুমদার আরও জানান, পানির স্রোত বেশি থাকায় ফেরিগুলো পারাপারে বেশি সময় লাগছে। স্বাভাবিক সময়ে নদী পাড়ি দিতে যেখানে ৩০ থেকে ৩৫ মিনিট সময় লাগে সেখানে এখন সময় লাগছে এক ঘন্টারও বেশি।
বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে জানান, দৌলতদিয়ার কাছে পদ্মা নদীতে ধীরে ধীরে পানি কমতে থাকায় এবং ফেরি ঘাটের সম্মুখে চর পড়ে যাওয়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ২ ও ৩ নং ফেরি ঘাটের মধ্যবর্তী অ্যাপ্রোচ চ্যানেলের মুখে ড্রেজিং কাজ শুরু হয়েছে।
প্রাথমিকভাবে একটি ড্রেজার দিয়ে কাজ শুরু হলেও দু'একদিনের মধ্যে আরও একটি ড্রেজার জমে যাওয়া পলি অপসারণের কাজ শুরু করবে বলে জানান তিনি।
আব্দুল মান্নান হাওলাদার আরও জানান, চলতি রমজান এবং ঈদকে সামনে রেখে এ দু'টি ঘাট দিয়ে ফেরি চলাচলে যাতে কোনো বিঘ
bdnews24