ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭২-এর গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধিত অধ্যাদেশ সংশোধনের দাবি জানিয়েছে পেশাজীবীদের ফোরাম পেশাজীবী সমন্বয় পরিষদ।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়। ফোরামের দাবি, অধ্যাদেশের কয়েকটি ধারা সংবিধান বিরোধী।
রাষ্ট্রপতি গত ১৯ আগস্ট গণপ্রতিনিধিত্ব আদেশ(সংশোধন) অধ্যাদেশ-২০০৮ জারি করেন।
পেশাজীবী সমন্বয় পরিষদের কো-কনভেনর সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেন, "সরকারি চাকরি থেকে অবসরের পর তিন বছরের সময়সীমা, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষরের বিধান, এমপিভুক্ত (সরকারি অনুদানপ্রাপ্ত) শিক্ষকদের নির্বাচনের সুযোগ না থাকাসহ কয়েকটি ধারা সংবিধান বিরোধী। এ সব ধারা সংশোধন করতে হবে।"
সমন্বয় পরিষদের কো-কনভেনর ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক বিদেশ রাজনৈতিক দলের শাখা না রাখার শর্তের বিরোধিতা করেন।
সমন্বয় পরিষদের সাবেক নেতা ও আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক বলেন, "নির্বাচন নিয়ে গোটা জাতি আজ সংশয় ও অনিশ্চয়তার মধ্যে আছে। এরমধ্যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ জাতিকে আরও সংশয়ে ফেলে দিয়েছে। এই অধ্যাদেশ সংশোধন করতে হবে।"
পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পেশাজীবী সমন্বয় পরিষদের কো-কনভেনর প্রকৌশলী খবিরুজ্জামান, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট শিরিন শারমিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওয়াহিদুজ্জামান চান, ডা. মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক আসাদুল হক, আজিজুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/এমআই/১৭২৬ ঘ.
bdnews24