২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক কর্মচারি নিয়োগ বোর্ডে মাউশি প্রতিনিধি ঠিক করবেন ১৯ অধ্যক্ষ

বেসরকারি কলেজ এবং আলিম ও ফাজিল মাদ্রাসায় শিক্ষক কর্মচারি নিয়োগ বোর্ডে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের প্রতিনিধি এখন থেকে ঠিক করবেন ১৯ টি সরকারি কলেজের অধ্যক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 02:35 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি কলেজ এবং আলিম ও ফাজিল মাদ্রাসায় শিক্ষক কর্মচারি নিয়োগ বোর্ডে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের প্রতিনিধি এখন থেকে ঠিক করবেন ১৯ টি সরকারি কলেজের অধ্যক্ষ। এছাড়া বেসরকারি স্কুল ও দাখিল মাদ্রাসায় শিক্ষক-কর্মচারি নিয়োগ বোর্ডে মাউশি'র প্রতিনিধি ঠিক করে দেবে সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক খান হাবিবুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিয়োগ নিয়ে ভোগান্তি কমাতে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তিনি জানান, নতুন এই সিদ্ধান্ত আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। গত বুধবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। বিধি অনুযায়ী মাউশি'র প্রতিনিধির অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারি নিয়োগ দেওয়া হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি এমপিওভুক্ত (সরকারি অনুদান ) হন না। মাউশি প্রতিনিধি ঠিক করার দায়িত্বপ্রাপ্ত ১৯ অধ্যক্ষের মধ্যে ঢাকা কলেজের অধ্যক্ষ ঢাকা বিভাগের ছয়টি জেলার প্রতিনিধি ঠিক করবেন। একইভাবে ফরিদপুর রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার, আনন্দমোহন কলেজ অধ্যক্ষ বৃহত্তর ময়মনসিংহের (টাঙ্গাইল বাদে) পাঁচ জেলার, সা'দত কলেজ অধ্যক্ষ টাঙ্গাইল জেলার, চট্টগ্রাম কলেজ অধ্যক্ষ চট্টগ্রাম ও কক্সবাজার, নোয়াখালী কলেজ অধ্যক্ষ বৃত্তহর নোয়াখালীর তিন জেলার, ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ কুমিল্লা অঞ্চলের তিন জেলার, সিলেট এমসি কলেজ অধ্যক্ষ বৃহত্তর সিলেটের চার জেলার, রাঙামাটি কলেজের অধ্যক্ষ তিন পাবর্ত্য জেলার জন্য প্রতিনিধি ঠিক করবেন। এছাড়া দিনাজপুর কলেজ অধ্যক্ষ দিনাজপুর অঞ্চলের তিন জেলার, রংপুর কারমাইকেল কলেজ অধ্যক্ষ বৃহত্তর রংপুরের পাঁচ জেলার, আজিজুল হক কলেজ অধ্যক্ষ বগুড়া ও জয়পুরহাটের, রাজশাহী কলেজ অধ্যক্ষ রাজশাহী অঞ্চলের চার জেলার, এডওয়ার্ড কলেজ অধ্যক্ষ পাবনা ও সিরাজগঞ্জের, কুষ্টিয়া কলেজ অধ্যক্ষ বৃহত্তর কুষ্টিয়ার তিন জেলার, যশোর এমএম কলেজ অধ্যক্ষ যশোর অঞ্চলের চার জেলার, বিএল কলেজ অধ্যক্ষ বৃহত্তর খুলনার তিন জেলার, বিএম কলেজ অধ্যক্ষ বরিশাল অঞ্চলের (পটুয়াখালী বাদে) পাঁচ জেলার এবং পটুয়াখালী কলেজ অধ্যক্ষ পটুয়াখালী জেলার প্রতিনিধি ঠিক করবেন। প্রতিনিধি হিসেবে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কলেজের শিক্ষকদের মনোনীত করা হবে। মাউশি'র ভারপ্রাপ্ত মহাপরিচালক জানান, ১৯ অধ্যক্ষকে দায়িত্ব বুঝে নেওয়ার জন্য আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকায় ডাকা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিএইচ/জেকে/এসকে/১৯৪২ঘ.