চট্টগ্রাম, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য ভর্তুকি মূল্যে রেশনিং কার্যক্রম শুরু করেছে বাংলাদশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
নগরীর বিভিন্ন শিল্প এলাকায় বিজিএমইএ এর নির্ধারিত ভ্রাম্যমাণ দোকান থেকে চট্টগ্রাম অঞ্চলের পোশাক শ্রমিকরা সপ্তাহে একদিন বাজার মূল্যের চেয়ে কম দামে বিভিন্ন পণ্য কিনতে পারবেন।
সারাদেশে বিজিএমইএ'র রেশনিং কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার নগরীর আগ্রাবাদে বিজিএমইএ কার্যালয়ের সামনে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন সংগঠনের প্রথম সহ-সভাপতি এম এ ছালাম।
বিজিএমইএ'র সাবেক পরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানান, বিজিএমইএ পুরো রমজান মাসে নগরীর বিভিন্ন শিল্প এলাকায় প্রতিদিন ট্রাকে করে বিভিন্ন পণ্য বিক্রি করবে। এ দোকান থেকে একজন পোশাক শ্রমিক সপ্তাহে একদিন তিন কেজি সাতশ গ্রাম চাল, ৫০০ গ্রাম মসুর ডাল এবং চারশ গ্রাম ছোলা ভর্তুকি মূল্যে কিনতে পারবে। এর জন্য শ্রমিকদের পরিচয়পত্র দেখাতে হবে।
প্রতিদিন বিকেল চারটা অথবা কারখানা ছুটির সময় নির্ধারিত স্থানে এ রেশনিং কার্যক্রম চলবে।
নাসির উদ্দিন চৌধুরী বলেন, একজন শ্রমিককে নির্ধারিত পরিমাণ চাল, ডাল ও ছোলা ২৫ টাকা ভর্তুকি দিয়ে ১৬০ টাকায় দেওয়া হচ্ছে। যার বাজার মূল্য প্রায় ১৮৫ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিজিএমইএ'র পরিচালক মোহাম্মদ ফেরদৌস, সদস্য হাসানুজ্জামান চৌধুরী, আবদুল হালিম দোভাষ, এ এম চৌধুরী সেলিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমএসবি/১৯২০ ঘ.
bdnews24