রংপুর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিঠাপুকুর উপজেলার রানীপুকুরের রামচন্দ্রপুর গ্রামের এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়ে ক্ষোভে লজ্জায় আত্মহত্যা করেছে। এ ঘটনায় দুই ধর্ষকের শাস্তির দাবিতে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকার কয়েক হাজার মানুষ।
বিক্ষোভ শেষে তারা ইউএনও'র কাছে একটি স্মারকলিপি দেয়।
মমতাজ ও সোলায়মানসহ কয়েকজন বিক্ষোভকারী জানান, গত ২৭ আগস্ট দুপুরে দিনমজুর ফণিচন্দ্রের মেয়ে রানীপুকুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী আদুরী রাণী (১৪) স্কুল থেকে বাড়ি ফেরার সময় ডেইলি বেগম নামে এক মহিলা তাকে নিজের বাড়িতে ডেকে নেয়। সেখানে অবস্থানরত হাসানুর ও রাশেদ নামের দুই ব্যক্তি আদুরীকে ধর্ষণ করে। আদুরীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুই ধর্ষক পালিয়ে যায়। ওই ঘটনার পর আদুরী বাড়ি গিয়ে ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে আদুরীর বাবা ফণিচন্দ্র মিঠাপুকুর থানায় মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুল হক জানান, পুলিশ ডেইলি বেগমকে গ্রেপ্তার করেছে। দুই ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি জানান, ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোমবার এলাকার কয়েক হাজার নারী পুরুষ ইউএনও কার্যালয় ঘেরাও করে স্মারক লিপি দিয়েছে।
ইউএনও সাইফুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে ধর্ষকদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন বলে মমতাজ ও সোলায়মান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩১০ ঘ.
bdnews24