২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ও গবেষণার জন্য ব্রিটিশ কাউন্সিলের প্রকল্প 'ইন্সপায়ার'

শিক্ষার গুণগত মানোন্নয়ন ও গবেষণায় দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার কয়েকটি দেশকে সহায়তা করবে ব্রিটিশ কাউন্সিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 12:54 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার গুণগত মানোন্নয়ন ও গবেষণায় দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার কয়েকটি দেশকে সহায়তা করবে ব্রিটিশ কাউন্সিল। 'ইন্সপায়ার' নামে একটি প্রকল্পের অধীনে এ কার্যক্রম পরিচালিত হবে। সোমবার হোটেল শেরাটনে 'ইন্সপায়ার'(ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইন রিসার্চ অ্যান্ড এডুকেশন) প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। শিক্ষা ও গবেষণার অঞ্চলভিত্তিক এ প্রকল্পটি ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে পরিচালিত হবে। ব্রিটিশ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ইন্সপায়ার' প্রকল্পের উদ্দেশ্য যুক্তরাজ্য এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশ বাংলাদেশ, পাকিস্তান, ইরান, কাজাখস্তান এবং আফগানিস্তানে শিক্ষা ও গবেষণামূলক কর্মকাণ্ড জোরদার করা। প্রকল্পে বাংলাদেশের জন্য মূলত চারটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। এ বিষয়গুলো হলো পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য ও বিকল্প শক্তি, জৈব প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং চারুকলা। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ প্রকল্পের অধীনে বিভিন্ন কার্যক্রমের ওপর ভিত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ তৈরি করা হবে। এর মাধ্যমে ছাত্র বিনিময়, কারিকুলাম উন্নয়ন, শিক্ষক বিনিময় ও গবেষণায় সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন করা হবে। প্রকল্পে বাংলাদেশের জন্য সর্বোচ্চ তিন বছর অর্থায়ন করা হবে। এতে বার্ষিক বরাদ্দ হবে ১৫ হাজার পাউন্ড। এছাড়া যুক্তরাজ্য এবং সংশ্লিষ্ট এশীয় দেশগুলোর মধ্যে গবেষক বিনিময় করা হবে। গবেষকদের জন্য সর্বোচ্চ বরাদ্দ হবে ২০০০ পাউন্ড। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক পিটার অ্যাস্টন। তিনি বলেন, শিক্ষা ও গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং দক্ষতা বাড়ানোর জন্য এ প্রকল্পটি সহায়তা করবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরণের প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৮৪৬ঘ.