ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দুই একদিন দেশের ১৫/১৬টি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। তবে তা গুরুতর আকার ধারণ করার কোন সম্ভাবনা নেই বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।
কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়ে আরও বলেন, আগামী ৩ বা ৪ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন নদীর পানি কমতে শুরু করবে।
এছাড়া কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, ঢাকার দোহার ও নবাবপুর উপজেলা ও পূর্বাঞ্চল এবং চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে।
প্রকৌশলী মো: আরিফুল ইসলাম জানান, এসব এলাকায় নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হলেও তা মারাত্মক রূপ নেবে না। বরং ২/১ দিনের মধ্যেই বন্যা পরিস্থিতির উন্নতি হবে।
সারাদেশে বন্যা পুর্বাভাস কেন্দ্রের ৭৩টি ওয়াটার লেভেল মনিটরিং স্টেশনের ২০টিতে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ৩৯টি স্টেশনে, কমেছে ২৯টিতে এবং অপরিবর্তিত রয়েছে ৩টি স্টেশনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/১৪৫৭ঘ.
bdnews24