২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর কাজ ২০১৫ সালে শেষ হবে: অর্থ উপদেষ্টা

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরুর যাবতীয় প্রক্রিয়া চূড়ান্ত করার আশা প্রকাশ করে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, ২০১৪-১৫ সাল নাগাদ এ সেতুর কাজ শেষ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরুর যাবতীয় প্রক্রিয়া চূড়ান্ত করার আশা প্রকাশ করে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, ২০১৪-১৫ সাল নাগাদ এ সেতুর কাজ শেষ হবে। পদ্মা সেতু নির্মাণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের এক সভা শেষে রোববার তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানিয়েছেন, পদ্মা সেতুর ক্ষেত্রে সরকার আনুষ্ঠানিকভাবে কোনও 'লিড ডোনার'র নাম ঘোষণা করবে না। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মির্জ্জা আজিজুল সাংবাদিকদের বলেন, "পদ্মা বহুমুখী সেতুর নকশা প্রণয়নের কাজ শেষ হওয়ার পথে। পরামর্শক ফার্ম নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ই এই সেতু নির্মাণ শুরুর যাবতীয় কাজ সম্পন্ন করার চেষ্টা চালানো হবে। ২০১৪-১৫ অর্থবছরে নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছি।" ১ দশমিক ৮ বিলিয়ন ডলারে (প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা) মাওয়া-জাজিরা পয়েন্টে নির্মাণ হচ্ছে পদ্মা সেতু। বাংলাদেশের দীর্ঘতম এ সেতু নির্মাণে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক, জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) ও ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) মোট ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার (প্রায় ৮ হাজার কোটি টাকা) ঋণ দেবে। বাকি অর্থ অভ্যন্তরীণ উৎস থেকে সরকারকে সংগ্রহ করতে হচ্ছে। প্রস্তাবিত পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের চার ঋণদাতা সংস্থার মধ্যে 'লিড ডোনার' কাকে করা হচ্ছে- প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা জানান, নানা বিবেচনায় সরকারিভাবে কোনও 'লিড ডোনার'র নাম ঘোষণা করা হবে না। তিনি বলেন, "সেতু নির্মাণে এডিবি সবচেয়ে বেশি ঋণ দিচ্ছে। সেতুর নকশা প্রণয়নের কাজও করছে তারা। সে বিবেচনায় এডিবি এ সেতুর 'লিড ডোনার' হওয়ার কথা। কিন্তু বিশ্বব্যাংক এডিবির চেয়ে ঋণ কিছুটা কম দিলেও তারা কম সুদ নিচ্ছে। বিশ্বব্যাংকের বিস্তৃতিও বেশি। এ সব বিবেচনায় কোনও দাতা সংস্থাকে 'লিড ডোনার' ঘোষণা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" নাম প্রকাশে অনিচ্ছুক যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর আগে দুই দফা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেও লিড ডোনার ঠিক করা যায়নি। ঋণ-সহায়তার হিসাবে এডিবি সবচেয়ে বেশি অর্থ দিচ্ছে। সে হিসাবে এডিবির লিড ডোনার হওয়ার কথা। কিন্তু বিশ্বব্যাংক এডিবি'র চেয়ে ৫০ মিলিয়ন ডলার কম ঋণ দিলেও তাদের সুদের হার কম। এ দাবিতে বিশ্বব্যাংকও লিড ডোনার হতে আগ্রহী ছিল।" যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দাতা সংস্থাগুলোর ১ দশমিক ১৫ বিলিয়ন (১১৫ কোটি) ডলারের মধ্যে বিশ্বব্যাংক দেবে ৩০০ মিলিয়ন (৩০ কোটি) ডলার, এডিবি দেবে ৩৫০ মিলিয়ন (৩৫ কোটি) ডলার, আইডিবি ৩০০ মিলিয়ন (৩০ কোটি) ডলার এবং জেবিআইসি ২০০ মিলিয়ন (২০ কোটি) ডলার। এর মধ্যে এডিবি ও আইডিবির ঋণে সুদের হার ৩ দশমিক ৪৯ শতাংশ। আর বিশ্বব্যাংক ও জেবিআইসি'র সুদের হার হচ্ছে শূন্য দশমিক ০১ শতাংশ। বর্তমানে দেশের বৃহত্তম যমুনা সেতুর 'লিড ডোনার' ছিল বিশ্বব্যাংক। দাতা সংস্থাগুলোর ঋণের বাইরে বাকি অর্থায়নের বিষয়ে বৈঠকে তিনটি প্রস্তাব এসেছে বলে অর্থ উপদেষ্টা জানান। তিনি বলেন, "যমুনা সেতুর মতো দেশের মানুষের কাছ থেকে সারচার্জ-লেভি (বাস, সিনেমাসহ বিভিন্ন ধরনের টিকিটের উপর) আরোপ করে ৩ থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব এসেছে। পদ্মা সেতুকে কোম্পানিতে রূপান্তর করে শেয়ারবাজারে শেয়ার ছেড়ে এ অর্থ যোগানের প্রস্তাবও রয়েছে। এছাড়া প্রকল্পটিকে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করে বাকি অর্থ সরকারিভাবে যোগানের প্রস্তাবও বৈঠকে উঠেছে।" তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে উপদেষ্টা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৪৫৫ ঘ.