২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জেএমবির দুই সদস্যের ১০ বছর কারাদণ্ড

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বোমা হামলার ঘটনায় চট্টগ্রামে দায়ের করা একটি মামলায় রোববার দুই জেএমবি সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। ১৭ আগস্টের ঘটনায় চট্টগ্রামে দায়ের করা আটটি মামলার মধ্যে এটাই প্রথম রায়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 07:46 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

চট্টগ্রাম, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বোমা হামলার ঘটনায় চট্টগ্রামে দায়ের করা একটি মামলায় রোববার দুই জেএমবি সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। ১৭ আগস্টের ঘটনায় চট্টগ্রামে দায়ের করা আটটি মামলার মধ্যে এটাই প্রথম রায়। দণ্ডপ্রাপ্তরা হলেন- জেএমবি কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মহম্মদ এবং জুলফিকার আলী। আদালত কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেছে। অর্থ দিতে ব্যর্থ হলে দুই জনকে আরও এক বছর কারাভোগ করতে হবে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম মামলার রায় দেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত দুই জনই আদালতে উপস্থিত ছিলেন। তবে রায় ঘোষণার সময় তারা ছিলেন নির্বিকার। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি আরশাদুল আলমকে খালাস দিয়েছে আদালত। তিনিও আদালতে হাজির ছিলেন। সরকার পক্ষের কৌঁসুলি কামরুল ইসলাম সাজ্জাদ রায়ের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বোমা হামলার সাথে জড়িত থাকার অপরাধ প্রমাণ হওয়ায় আদালত বিস্ফোরক আইনের তিন ধারায় ওই দুই জনকে সাজা দিয়েছেন। অপরাধে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় অপর আসামিকে খালাস দেওয়া হয়েছে।" এদিকে মামলার আসামি জুলফিকার আর গ্রেপ্তারকৃত জুলফিকার এক নয় বলে অভিযোগ উঠেছে। জাতীয় মানবাধিকার সংস্থার আইনজীবী নিখিল কান্তি চৌধুরী রায়ের আগে আদালতকে বলেন, আটক জুলফিকার মামলার আসামি জুলফিকার আলী নন, বরং জেএমবির অপর এক নেতার বড় ভাই। রায়ের আগে বিচারক সফিকুল করিম আসামি জাবেদ ইকবালকে তার কোনও বক্তব্য আছে কি না জিজ্ঞাসা করলে জাবেদ বলেন, "আটক জুলফিকার আলীর সঙ্গে বোমা হামলার কোনও সংশ্লিষ্টতা নেই। একই নামে পলাতক এক জঙ্গি নেতা হামলায় জড়িত ছিলেন। আটক জুলফিকার অপর এক বিস্ফোরক মামলার আসামি আবু জরের বড় ভাই।" জাবেদ দাবি করেন, চট্টগ্রাম কারাগারে জুলফিকার তার ভাই আবু জরের সঙ্গে দেখা করতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে এ মামলার আসামি করেছে। তবে এর পর বিচারক বলেন, মামলার তদন্ত প্রতিবেদন, গ্রেপ্তারকৃত আসামি জাবেদ ইকবালের ১৬৪ ধারায় স্বীকারোক্তি, সাক্ষ্যগ্রহণ এবং শুনানিকালে এর আগে বিষয়টি একবারও সামনে আসেনি। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী একযোগে বোমা হামলা চালায় নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। সেদিন চট্টগ্রামের আটটি স্থানে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে হালিশহরের হাক্কানী পেট্রোল পাম্পের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার রায় হলো রোববার। পুলিশ ছয় জনকে আসামি করে মামলাটি দায়ের করেছিল। তবে মামলার অপর তিন আসামি জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলাভাই এবং আতাউর রহমান সানির অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় তাদের এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় মোট ১২ জনের সাক্ষ্য নেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৩৩০ ঘ.