২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সেনা পোশাকে হোটেল কর্মচারী অপহরণ

সেনা সদস্যের ছদ্মবেশে এক হোটেল কর্মচারীকে অপহরণের অভিযোগে রাজধানীতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফুলবাড়িয়া এলাকার হোটেল স্বাগতমের অপহৃত কর্মচারী আলমগীর আহমেদ সুমনকে অন্য একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা সদস্যের ছদ্মবেশে এক হোটেল কর্মচারীকে অপহরণের অভিযোগে রাজধানীতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফুলবাড়িয়া এলাকার হোটেল স্বাগতমের অপহৃত কর্মচারী আলমগীর আহমেদ সুমনকে অন্য একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে সেনা সদস্যের পোশাক পরা তিন ব্যক্তি হোটেল স্বাগতমে যায়। সেনা ক্যাম্পে অভিযোগ আছে- এই কারণ দেখিয়ে তারা ওই হোটেলের কর্মচারী সুমনকে চোখ বেঁধে একটি মাইক্রোবাসে তোলে। এরপর ভুয়া সেনা সদস্যরা সুমনকে নিয়ে যাত্রাবাড়ীর হোটেল রোজ এ যায়। সেখানকার একটি কক্ষে সুমনকে আটকে রেখে তার পকেট থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। তিন অপহরণকারী হোটেল রোজ থেকে বেরিয়ে মাইক্রোবাসে ওঠার সময় সেখানে অবস্থানরত সাবেক সেনা সদস্য আবুল কাশেমের সন্দেহ হয়। কাশেম তাদের চ্যালেঞ্জ করলে দুজন মাইক্রোবাসে উঠে দ্রুত পালিয়ে যায়। তবে আরিফ হোসেন নামে একজনকে ধরে ফেলেন কাশেম। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফকে আটক করে। আরিফ পুলিশী জিজ্ঞাসাবাদের মুখে অপহরণের কথা স্বীকার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেল রোজ থেকে সুমনকে উদ্ধার করা হয়। উপপরিদর্শক আজাদ জানান, আলমগীর আহমেদ সুমন যাত্রাবাড়ী থানায় এ ব্যাপারে একটি মামলা করেছেন। অপহরণকারীরা তার পকেট থেকে ১০ হাজার টাকা নিয়ে গেছে বলে এজাহারে অভিযোগ করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এসকে/২৩০২ঘ.