ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপ-সচিব পর্যায়ের আট কর্মকর্তা ও একজন সিনিয়র সহকারী সচিবকে শনিবার বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়।
উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বিআইডব্লিউটিসি'র সচিব হিসেবে বদলির আদেশাধীন ময়মনসিংহের সাবেক জেলা প্রশাসক শামসুল আলমকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পরিচালক, জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক আলী আকবরকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পরিচালক, কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলির আদেশাধীন ঢাকার সাবেক জেলা প্রশাসক কামাল উদ্দিনকে জীবন বীমা করপোরেশনের পরিচালক, অর্থ বিভাগের উপ-সচিব হিসেবে বদলির আদেশাধীন ফরিদপুরের সাবেক জেলা প্রশাসক ইয়া-হিয়া ভূঁইয়াকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব বিমল চন্দ্র দাসকে স্বাস্থ্য অধিদপ্তরের আইন উপদেষ্টা হিসেবে বদলি করা হয়েছে।
বিটিভি'র পরিচালক আবদুস সালামকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব এবং বিএফডিসি'র পরিচালক ফরহাদ হোসেনকে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে।
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব নাসরিন আরা সুরাত আমিনকে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে।
এদিকে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব ফারাহ শাম্মীকে সরকারি কর্মকমিশন সচিবালয়ের (পিএসসি) উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২০২৪ঘ.
bdnews24