২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ভেসে যাওয়া দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

কক্সবাজারে সাগরে ভেসে যাওয়া ঢাকার দুই শিক্ষার্থীর লাশ শনিবার উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যবসায়ীর কোনও সন্ধান এখনও মেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

কক্সবাজার, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে সাগরে ভেসে যাওয়া ঢাকার দুই শিক্ষার্থীর লাশ শনিবার উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যবসায়ীর কোনও সন্ধান এখনও মেলেনি। যাদের লাশ উদ্ধার করা হয়, তারা হলেন- ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র আশিকুর রহমান অনিক ও সজিব। কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম সাংবাদিকদের বলেন, "সকালে সৈকতের ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা পয়েন্টে একটি লাশ ভাসার খবর পাওয়া যায়। ৭টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ঢাকার আগারগাঁও তালতলা থেকে আসা মুনশি আবদুল হক লাশটি তার ছেলে অনিকের বলে সনাক্ত করেন।" বিকালে সোনাদিয়া দ্বীপের কাছে সজীবের লাশ পাওয়া যায় বলে জানান থানার উপ-পরিদর্শক হামিদুল হক। কক্সবাজারে মৎস্য উন্নয়ন কর্পোরেশনে কর্মরত মুফিজুর রহমান সনাক্ত করেন, লাশটি তার ভাগ্নে সজীবের। পুলিশ কর্মকর্তা সেলিম জানান, দুটি লাশই তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার বনজ কুমার মজুমদার জানান, নিখোঁজ গুলশানের কম্পিউটার ব্যবসায়ী সেলিমের সন্ধানে অভিযান চলছে। গত ২৮ আগস্ট এ তিন জন সাগরে গোসল করতে গিয়ে ঢেউয়ের তোড়ে ভেসে যান। সৈকতে দায়িত্বপ্রাপ্ত ইয়াসির লাইফ গার্ডের পরিচালক মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১২ বছরে সাগরে ভেসে গিয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০০৮ সালেই মারা যান আট জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৩ ঘ.