ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনের আগেই উপজেলা নির্বাচন চান বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
তিনি শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক দলীয় সভায় বলেছেন, "বিগত ১৬ বছর ধরে কোনও রাজনৈতিক দলই উপজেলা বা জেলা পরিষদের নির্বাচন দেয়নি। তাই জনগণ এখন রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করে না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সংসদ নির্বাচনের আগেই উপজেলা নির্বাচন করা জরুরি।"
বিকল্পধারা সভাপতি রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য আরও সময় চেয়েছেন।
তিনি বলেন, "নিবন্ধন প্রয়োজন। তবে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন সম্ভব নয়। এ জন্য আরও সময় দিতে হবে।"
বি চৌধুরী জামায়াতে ইসলামীকে স্বাধীনতাবিরোধী দল উল্লেখ করে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের কাছে দাবি জানান।
সাবেরা বেগমের সভাপতিত্বে বিকল্পধারার ওই কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব আবদুল মান্নান, উপদেষ্টা পরিষদের সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।
বি চৌধুরী পরে নবীনগর পাইলট স্কুল প্রাঙ্গণে বিকল্প ধারা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৪২ ঘ.
bdnews24