ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশন ও নয় পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়রদের আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে শপথ করাবেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। অনুষ্ঠানের চূড়ান্ত দিনক্ষণ ও স্থান এখনো ঠিক হয়নি।
স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, "আইন অনুযায়ী সরকারি গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ নিতে হয়। চার সিটি করপোরেশন ও নয় পৌরসভার নির্বাচন শেষে নির্বাচন কমিশন ১২ আগস্ট গেজেট প্রকাশ করেছে। সে অনুযায়ী ১১ সেপ্টেম্বরের মধ্যে তাদের শপথ নিতে হবে।"
শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, "মেয়রদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। আর কাউন্সিলরদের শপথ পড়াবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।"
শপথ গ্রহণের আগে আইন অনুযায়ী নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দলীয় পদ ছাড়তে হবে এবং সম্পদের হিসাবসহ হলফনামা জমা দিতে হবে বলেও উল্লেখ করেন স্থানীয় সরকার উপদেষ্টা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এসকে/১৭১৩ঘ.
bdnews24