ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসের প্রথম সপ্তাহে রাত ৯টা পর্যন্ত দোকান ও বিপণী বিতান খোলা রাখা যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
বিদ্যুৎ পরিস্থিতি পর্যালোচনা করে আগামী ৫ সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার বিকেলে স্থানীয় সরকার বিভাগে এক সভায় ব্যবসায়ীরা রাত ৮টার মধ্যে দোকান বন্ধের আইনি বাধ্যবাধকতা শিথিল করে রোজার মাসে সময় বাড়ানোর অনুরোধ জানালে উপদেষ্টা তাদের এ সিদ্ধান্তের কথা বলেন।
সভা শেষে আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের বিস্তারিত জানান।
তিনি বলেন, সরকার ব্যবসায়ীদের কথা বিবেচনা করে রমজানে দোকান খোলা রাখার সময় বাড়াতে আগ্রহী। কিন্তু বিদ্যুৎ সঙ্কটের বিষয়টি মাথায় রেখে ব্যবসায়ীদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
উপদেষ্টা জানান, পরীক্ষামূলকভাবে রমজানের প্রথম সপ্তাহে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। তবে কেউ আলোকসজ্জা করলে সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তারও করা হতে পারে।
শ্রম আইন অনুযায়ী শ্রমিকের স্বার্থ রক্ষার বিষয়েও ব্যবসায়ীদের মনোযোগী হতে বলেন তিনি।
সভায় ব্যবসায়ীরা ঈদ উপলক্ষে মাসব্যাপী মেলার আয়োজন করার বিরোধিতা করে বলেন, এর ফলে 'প্রকৃত ব্যবসায়ীরা' ক্ষতিগ্রস্ত হন। এবার রোজার মাসে এ ধরনের মেলার অনুমতি না দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তারা।
আনোয়ারুল ইকবাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে নজর দিতে বলা হবে বলে আশ্বাস দেন।
অন্যান্যের মধ্যে শ্রম মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল হক, বিদ্যুৎ বিভাগের সচিব ফাওজুল কবির খান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার নাঈম আহমেদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আমির হোসেন খান, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিনসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতারা সভায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/১৯৩২ঘ.
bdnews24