ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে জরুরি অবস্থা তুলে নেয়ার মতো সময় এখনো আসেনি বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
বুধবার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক সভা শেষে 'শিগগিরই জরুরি অবস্থা তুলে নেওয়ার মতো কোন সিদ্ধান্ত সরকার নেবে কিনা'- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,
' জরুরি অবস্থা তুলে নেওয়ার মতো সময় এখনো আসেনি। এলে ভেবে দেখা হবে।"
আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তোলা সময় স্বল্পতার যুক্তি ও জরুরি অবস্থার মধ্যে নিবন্ধন না করার ঘোষণা সম্পর্কে জানতে চাইলে আনোয়ারুল ইকবাল বলেন, "জরুরি অবস্থার কি কি ধারা তুলে নিলে তাদের সুবিধা হয়, তাতো বলেন না। তারা এ বিষয়টি স্পষ্ট করলে সরকার ভেবে দেখতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯২২ঘ.
bdnews24