২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে লে. জেনারেল ফনসেকার সাক্ষাৎ

শ্রীলংকার সেনাবাহিনী প্রধান লে. জেনারেল জিএসসি ফনসেকা বুধবার সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 11:01 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলংকার সেনাবাহিনী প্রধান লে. জেনারেল জিএসসি ফনসেকা বুধবার সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। লে. জেনারেল ফনসেকা চার দিনের সফরে মঙ্গলবার ঢাকা পৌঁছান। বুধবার সকালে তিনি শিখা অনির্বাণে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে সেনাকুঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট শ্রীলংকার সেনা প্রধানকে গার্ড অব অনার দেয়। লে. জেনারেল ফনসেকা পরে সেনাকুঞ্জ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি সেনা সদরে যান এবং সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তারা বিভিন্ন পেশাগত বিষয়ে আলোচনা করেন। পরে সেনাসদরের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে শ্রীলংকার সেনাপ্রধানকে অবহিত করা হয়। জেনারেল মইন উ আহমেদ, সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা এবং শ্রীলংকার সেনাপ্রধানের সফরসঙ্গীরা এ সময় উপস্থিত ছিলেন। দুপুরে লে.জেনারেল ফনসেকা বিমান সদরে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং সিনিয়র বিএএফ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পরে লে. জেনারেল ফনসেকা মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) পরিদর্শন করেন। সেখানে ডিএসসিএসসি কমান্ড্যান্ট মেজর জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি। চার দিনের এই সফরে শ্রীলংকার সেনা প্রধানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী অ্যানোমা ইন্দোমাথী ফনসেকা এবং সাত সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/জেকে/জিএনএ/১৬৫৫ ঘ.