২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ঢাকা সিলেট মহাসড়কের বাগহাটায় বুধবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 07:03 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

নরসিংদী, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিলেট মহাসড়কের বাগহাটায় বুধবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। ভোরে রড বোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ভৈরবগামী একটি সংবাদপত্রবাহী মাইক্রোবাসের ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর মডেল থানার উপ পরিদর্শক মো. মাসুম রায়হান। নিহতরা হলেন, মাইক্রোবাস চালক শহিদুল্লাহ (৩৮), যাত্রী সৈয়দ শাহিমুল (৩০) ও অজ্ঞাতনামা এক যাত্রী (২৪)। শহিদুল্লাহ ঢাকার সবুজবাগ থানার মাদারটেক এলাকার মরহুম জিন্নত আলীর ছেলে। শাহিমুলের বাড়ি উত্তর বাড্ডায়। আহত যাত্রী আবুল বাশার (২৫) ভৈরব ভবানীপুর এলাকার আবদুল কাদের মিয়ার ছেলে। আহত অপর যাত্রী ওয়াসিম (২৪) শাহবাগপুর এলাকার ইলিয়াস মিয়ার ছেলে। পুলিশ কর্মকর্তা মাসুম বলেন, "রডবোঝাই একটি ট্রাক নষ্ট হয়ে বাগহাটা এলাকায় সড়কের ওপর দাঁড়িয়েছিল। ভোরে ভৈরবগামী সংবাদপত্রবাহী স্টিকার লাগানো একটি মাইক্রোবাস নিয়ন্ত্র্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের রড মাইক্রোবাসটির ভেতরে ঢুকে গেলে ঘটনাস্থলে চালকসহ তিনজন নিহত ও দুজন আহত হন।" আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নরসিংদী সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জিএনএ/১৩০০ ঘ.