চাঁদপুর, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুরান বাজার এলাকায় চাঁদপুর শহররক্ষা বাঁধ ধসে মঙ্গলবার দুপুরে সাতটি বসতঘরসহ বাঁধের প্রায় তিনশ' মিটার অংশ মেঘনায় বিলীন হয়ে গেছে।
পুরান বাজারের জুগিপট্টি থেকে মাছ বাজার পর্যন্ত এলাকায় শহররক্ষা বাঁধে হঠাৎ ধস নামে। ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে প্রায় আধ কিলোমিটার এলাকার অর্ধশত বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। এ এলাকার লোকজন বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল সরিয়ে নিচ্ছে।
মঙ্গল দুপুরের আকস্মিক ভাঙনে আবেদ মিয়া, রুহুল আমিন শেখ, শাহাদাত মাঝি, তুহিন খান, মন্টু গাজী, হারুন মৃধা, খালেদ খানের বসতঘর নদীতে তলিয়ে গেছে।
আবেদ আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ ওই এলাকায় শহর রক্ষা বাঁধের ব্লক দেবে যেতে শুরু করে। মুহূর্তের মধ্যে পাঁচটি বসতঘর মেঘনায় তলিয়ে যায়।
তিনি বলেন, কোনো কিছু বুঝে উঠার আগেই দেখেন তার ঘরটি নদীতে তলিয়ে গেছে। ঘরে থাকা আসবাবপত্র, ইলেক্ট্রনিক্সসামগ্রীসহ কোন কিছুই রক্ষা করতে পারেননি তিনি।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস বলেন, শহর রক্ষা বাঁধের ২০ মিটার অংশের ব্লক দেবে গেছে। ভাঙন এলাকায় বালিভর্তি ব্যাগ ফেলার প্রস্তুতি চলছে। ভাঙন রোধে আগামী শুষ্ক মৌসুমে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৬ ঘ.
bdnews24