ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন আবেদন সোমবার গ্রহণ করেননি ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত।
একই মামলায় গত ২০ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত খালেদার জামিনের আবেদন নাকচ করেছিলেন।
সোমবার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আজিজুল হক জরুরি ক্ষমতা বিধিমালায় দায়ের একটি মামলায় বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর জামিন আবেদনটিও নাকচ করেন।
জরুরি বিধির আওতায় থাকায় মামলা দুটিতে জামিন আবেদন বিবেচনা করা নিম্ন আদালতের এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেন তিনি।
বড় পুকুরিয়া কয়লা খনি উন্নয়ন কাজ একটি চীনা প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া, সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ১৬ জনের বিরুদ্ধে ২৬ ফেব্র"য়ারি শাহবাগ থানায় মামলাটি করা হয়।
চুক্তির কারণে সরকারের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয় বলে অভিযোগ করে দুদক।
অন্যদিকে, জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গের অভিযোগে গত বছরের ৫ ফেব্র"য়ারি গ্রেপ্তার হয়ে কারাগারে যান মোসাদ্দেক আলী ফালু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/১৯৫৪ ঘ.
bdnews24