ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহিংস বিক্ষোভের পর শান্ত হয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। তবে ক্যাম্পাসের প্রবেশ পথগুলোতে পাহারা বসিয়ে শিক্ষার্থী ছাড়া আর কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। ঢাকা কলেজের সামনেও পরিস্থিতি শান্ত।
বাথরুমে পড়ে গিয়ে কারাবন্দি তারেক রহমানের আঘাত পাওয়ার খবরে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদের দেওয়া আগুনে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মারা যান এক ব্যবসায়ী।
বিকাল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকা ঘুরে পরিস্থিতি শান্ত দেখতে পান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক লিটন হায়দার।
তবে শাহবাগ, নীলক্ষেতসহ ক্যাম্পাসের প্রবেশ পথগুলোতে পুলিশ পাহারা বসিয়ে শিক্ষার্থী ছাড়া আর কাউকে ঢুকতে দিচ্ছে না। একই অবস্থা সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত।
এখানেও পুরো রাস্তায় পুলিশ মোতায়েন রয়েছে। রাস্তায় গাড়ি চলাচল করছে না। পুলিশ কাউকে ঢুকতেও দিচ্ছে না।
রমনা এলাকায় দায়িত্বরত ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।"
ঢাকা কলেজের সামনে দুপুর আড়াইটার দিকে বিক্ষুব্ধ ছাত্রদল নেতা-কর্মীদের দেওয়া আগুনে একটি মাইক্রেবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক ব্যবসায়ী মারা যান।
এর প্রতিবাদে বিকালে ওই এলাকার বিপণী বিতানগুলো ছিল বন্ধ। ব্যবসায়ীদের বিভিন্ন বিতানের সামনে জটলা করতে দেখেছেন লিটন হায়দার।
সোমবার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের একটি সমাবেশ চলার সময় তারেকের আঘাত পাওয়ার খবর এলে নেতা-কর্মীরা মিছিল করতে করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হয় বলে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক সেখানেই প্রিজন সেলে চিকিৎসাধীন।
শাহবাগ মোড়ে পুলিশ ছাত্রদলের মিছিল হটিয়ে দিলে ছাত্রদল নেতা-কর্মীরা চারুকলা ইন্সটিটিউটের সামনে কার, মাইক্রোবাস ও মিশুকসহ ১০ থেকে ১২টি গাড়ি ভাংচুর করে। একই সময় ছাত্রদলের নেতাকর্মীরা রোকেয়া হলের সামনে একটি কালো ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেয়।
একই সময়ে নীলক্ষেত মোড়ে বিশ্ববিদ্যালয় প্রবেশ পথেও ছাত্রদল নেতাকর্মীরা ব্যারিকেড দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তেজনা কিছুক্ষণের মধ্যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ এলাকায়ও ছড়িয়ে পড়ে।
দুপুর দেড়টার দিকে দুটি এলাকায় ছাত্রদল কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক রিয়াজুল বাশার। ওই সময় তারা কলেজের সামনে মিরপুর সড়কও অবরোধ করে।
এক পর্যায়ে বেলা আড়াইটার দিকে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা একটি মাইক্রেবাসে আগুন ধরিয়ে দিলে এর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
এতে গুরুতর আহত হন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪০)। তিনি ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়ে ছিলেন।
জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। পরে তার বড় ভাই ইসমাঈল হোসেন মর্গে এসে লাশ সনাক্ত করেন।
জাহাঙ্গীর আলম তৈরি পোশাকের ব্যবসা করতেন। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার খাজুরিয়া গ্রামে। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি জিগাতলার একটি বাসায় থাকতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরবি/এলএইচ/এমআই/জিএনএ/১৭০৯ ঘ.
bdnews24