২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংস বিক্ষোভ, বিস্ফোরণে ব্যবসায়ী নিহত

বাথরুমে পড়ে গিয়ে কারাবন্দি তারেক রহমানের আঘাত পাওয়ার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদের দেওয়া আগুনে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মারা গেছেন এক ব্যবসায়ী। লিটন হায়দার, রিয়াজুল বাশার ও জান্নাতুল ফেরদাউস জানাচ্ছেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 10:03 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাথরুমে পড়ে গিয়ে কারাবন্দি তারেক রহমানের আঘাত পাওয়ার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদের দেওয়া আগুনে একটি মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মারা গেছেন এক ব্যবসায়ী। সোমবার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের একটি সমাবেশ চলার সময় তারেকের আঘাত পাওয়ার খবর এলে নেতা-কর্মীরা মিছিল করতে করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক সেখানেই প্রিজন সেলে চিকিৎসাধীন। শাহবাগ মোড়ে পুলিশ ছাত্রদলের মিছিল হটিয়ে দিলে তারা চারুকলা ইন্সটিটিউটের সামনে কার, মাইক্রোবাস ও মিশুকসহ ১০ থেকে ১২টি গাড়ি ভাংচুর করে। একই সময় ছাত্রদলের নেতাকর্মীরা রোকেয়া হলের সামনে একটি কালো ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেয়। নীলক্ষেত মোড়ে বিশ্ববিদ্যালয় প্রবেশ পথেও ছাত্রদল নেতাকর্মীরা ব্যারিকেড দেয়। পরে ক্যাম্পাসে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তেজনা কিছুক্ষণের মধ্যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ এলাকায়ও ছড়িয়ে পড়ে। দুপুর দেড়টার দিকে দুটি এলাকায় ছাত্রদল কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এরপর তারা কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করে। ওই সময় ছাত্রদল নেতা-কর্মীরা একটি মাইক্রেবাসে আগুন ধরিয়ে দিলে এর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক জন ব্যবসায়ী আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরবি/জিএনএ/এমআই/১৫৪৪ ঘ.