নেত্রকোনা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাওর এলাকার মানুষের জীবনযাত্রা, জীববৈচিত্র, প্রাকৃতিক সৌন্দর্য ও বৈশিষ্ট গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে রোববার শেষ হয়েছে তিনদিনের জাতীয় হাওর উৎসব।
এছাড়া হাওর উন্নয়ন বোর্ডকে গতিশীল করারও আহ্বান জানানো হয়।
হাওর অঞ্চলের সমস্যা চিহ্নিত করা ও তার সমাধানের উপায় বের করার লক্ষ্যে নেত্রকোনার মোহনগঞ্জে শুক্রবার জাতীয় হাওর উৎসব শুরু হয়।
মোহনগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি দৈনিক ইত্তেফাক সম্পাদক রাহাত খান বলেন, "বাঙালী সংস্কৃতির একটি অংশ এ হাওর। একে কখনও বিচ্ছিন্ন করে দেখা যাবে না।"
হাওর উন্নয়ন বোর্ডকে গতিশীল করার জন্য রাহাত খান সরকারের প্রতি আহ্বান জানান।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আবেদ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান খান, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জিত কুমার সরকার, হাওর উন্নয়ন কমিটির সদস্য সচিব কামাল পাশা, পরিবেশ বাচাঁও আন্দোলনের সভাপতি নাসের খান, মোহনগঞ্জ পৌর মেয়র শহীদ ইকবাল প্রমুখ।
জাতীয় হাওর উৎসবের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল লাঠি লেখা, ফুটবল খেলা, হা-ডু-ডু, জারী গান, হাওর অঞ্চলের লোক সংস্কৃতি ও ঐতিহ্য এবং হাওরবাসীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাছ ধরা ও নৌকা বাইচ ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৫ ঘ.
bdnews24