২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তির দাবিতে বগুড়ায় ছাত্রদলের মিছিল-সমাবেশ, বাস ভাংচুর

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের নিশর্ত মুক্তির দাবিতে বগুড়ার সরকারি আযিযুল হক কলেজে শনিবার ছাত্রদল মিছিল ও সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 03:06 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

বগুড়া, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের নিশর্ত মুক্তির দাবিতে বগুড়ার সরকারি আযিযুল হক কলেজে শনিবার ছাত্রদল মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ শেষে ছাত্রদল কর্মীরা বিআরটিসির দুটি বাস ভাংচুর করে। ছাত্রদল কলেজ কমিটির উদ্যোগে ক্যাম্পাসে খালেদা জিয়া ও তারেক রহমানের নিশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রদলের জেলা কমিটির সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও কলেজ শাখার সভাপতি জোবাইদুল ইসলাম রিটন বক্তব্য রাখেন। ছাত্রদলের জেলা কমিটির সভাপতি খাদেমুল ইসলাম খাদেম জানান, সমাবেশ শেষে বিক্ষুব্ধ কিছু কর্মী কলেজ সংলগ্ন স্টেশন রোডে দুটি যাত্রীবাহী বাসের কাচ ভাংচুর করেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বগুড়া বিআরটিসি ডিপোর ব্যবস্থাপক মো. আলমাস আলী জানান, তাদের দু'টি বাসের জানালার কাচ ভেঙে ফেলা হয়েছে। এ ব্যাপারে ছাত্রদলের কলেজ শাখার সভাপতি জোবাইদুল ইসলাম রিটন জানান, অপ্রত্যাশিতভাবেই ঘটনাটি ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৫৮ ঘ.