ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকটি জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণ ভারী বর্ষণ জানিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, এ মুহূর্তে দেশে বন্যার কোনও আশঙ্কা নেই।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের অভ্যন্তরে গত সপ্তাহের ভারী বর্ষণে কমপক্ষে ১০টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে। উজানে বৃষ্টিপাত কমে আসায় দেশে বন্যার আশঙ্কা এখন নেই।"
ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানিতে গত সপ্তাহে কুড়িগ্রাম, নীলফামারী ও কক্সবাজারসহ কয়েকটি জেলার নিচু এলাকা তলিয়ে কয়েক হাজার লোক পানিবন্দি হয়ে পড়ে।
তবে আগামী দুই-একদিনের মধ্যে এ পরিস্থিতি কেটে যাবে বলে জানিয়েছেন প্রকৌশলী সাইফুল হোসেন।
দেশের প্রধান নদীগুলোর মধ্যে সাতটি নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে জানিয়ে তিনি বলেন, "বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে যাওয়া স্বাভাবিক পরিস্থিতি। বহ্মপুত্র-যমুনা অববাহিকার উজানে পানি ইতোমধ্যেই কমতে শুরু করেছে। পদ্মায়ও পানি কমছে।"
আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছিল, মাসের শেষে গঙ্গা, বহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় স্বাভাবিক বন্যা দেখা দিতে পারে।
প্রবল বর্ষণের কারণে ভারতের আসাম এবং নেপালে বন্যা দেখা দিয়েছে।
বৃষ্টিপাতের বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ ফারাহ দীবা শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত সপ্তাহে দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হলেও এখন মৌসুমী বায়ু কম সক্রিয় থাকায় তেমন বৃষ্টি নেই। আগামী কয়েকদিনও এ অবস্থা থাকবে।"
আবহাওয়া অফিস জানায়, শনিবার বেলা ১২টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে, ১১ মিলিমিটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এসকে/১৪৪৭ঘ.
bdnews24