২১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন সামনে রেখে দেশের ৩৪টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এসব জেলার আগের প্রশাসকদের প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া চারটি জেলার প্রশাসককে অন্য জেলায় বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সংস্থাপন মন্ত্রণালয় থেকে এসব বদলির আদেশ জারি করে।
নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসক পদে বদলির মধ্য দিয়ে সরকার মাঠ প্রশাসন নতুনভাবে সাজানোর কাজ শুরু করল সরকার। পর্যায়ক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনে রদবদল করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে রদবদলের জন্য সরকার এরইমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি কমিটি করে দিয়েছে।
গত ১৮ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে সচিবরা ১৫ দিনের মধ্যে মাঠ প্রশাসনে রদবদলের কাজ শেষ করার অনুরোধ জানান। তারা বলেন, রদবদলের কাজ দ্রুত শেষ করা হলে কর্মকর্তারা নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচডি/জেকে/এমএইচবি/২২২০ ঘ.
bdnews24