২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক রাষ্ট্রদূতসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্রে দুদকের অনুমোদন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মো. নাজিম উল্লাহ চৌধুরীসহ ১৬ জনের বিরুদ্ধে দায়ের করা আলাদা ছয়টি দুর্নীতি মামলায় অভিযোগপত্র চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মো. নাজিম উল্লাহ চৌধুরীসহ ১৬ জনের বিরুদ্ধে দায়ের করা আলাদা ছয়টি দুর্নীতি মামলায় অভিযোগপত্র চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, এসব অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। নাজিম উল্লাহ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্রে বলা হয়েছে, রাষ্ট্রদূত হিসেবে কর্মরত থেকে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের ২০ লাখ ২ হাজার ২৯৯ টাকার ক্ষতি করেছেন। সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু, তার স্ত্রী শামিমা আক্তার ও ছেলে ওমর শরীফ মো. ইমরানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন। তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ৩ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ১১৭ টাকা তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৯৯১ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগের মামলায় সাবেক পুলিশ সুপার মো. মজিবুল হক, তার স্ত্রী শাহিদা হক ও ছেলে মো. শহীদুল হকের বিরুদ্ধেও অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে। তারা পরস্পর যোগসাজশে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ৯৬৮ টাকা তথ্য গোপন করেছেন এবং জ্ঞাত আয়ের বাইরে ৫ কোটি ১৪ লাখ ১২ হাজার ৬৫৫ টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। আরেকটি অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের স্ত্রী সিতারা আলমগীর, ছেলে জালাল আলমগীর ও জয় আলমগীর, মেয়ে শিরিন মনসুর, তাদের বাড়ির তত্ত্বাবধায়ক তৌফিকুর রহমান ও তার স্ত্রী ইপ্সিতা রহমানের বিরুদ্ধে। তারা অবৈধভাবে ২ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার ১২২ টাকার সম্পত্তি অর্জন করেচেন এবং ৭৫ লাখ ১৯ হাজার ৮৪৬ টাকার সম্পদের তথ্য গোপন করেচেন বলে এতে অভিযোগ করা হয়েছে। বন সংরক্ষক (বর্তমানে সাময়িক বরখাস্ত) মো. আলী কবির হায়দার ও তার স্ত্রী রিতা ইসমত আরার বিরুদ্ধে চূড়ান্ত করা অভিযোগপত্রে বলা হয়েছে এই দম্পতি ১৯ লাখ ২০ হাজার ৫৯৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং অবৈধ উপায়ে ৯৪ লাখ ৯৮ হাজার ৩০৫ টাকার সম্পত্তির মালিক হয়েছেন। এছাড়া অবৈধ উপায়ে শিক্ষক বদলির নামে ঘুষ নেওয়ার মামলায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুদ্দীন মুত্তাকীর বিরুদ্ধে আরেকটি অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে। মহাপরিচালক জানান, ভূমি মন্ত্রণালয় এর বিভিন্ন দপ্তর/অধিদপ্তরের দুর্নীতির অভিযোগ খাতিয়ে দেখতে কমিশন পাঁচ সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে। এই দল খাস জমি বন্দোবস্ত, অধিগ্রহণ, কেনা-কাটা ও গাড়ি ব্যবহারে দুর্নীতি, আদর্শ গ্রাম প্রকল্পে দুর্নীতি, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তাদের চাকরি বা বদলিসহ অন্যান্য দুর্নীতির অভিযোগ তদন্ত করবে বলে হানিফ ইকবাল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/জেকে/এমএইচবি/২০৫৪ ঘ.