বরগুনা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা-২ আসনের সাবেক সাংসদ ও পিডিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব গোলাম সরোয়ার হিরুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে।
এছাড়া সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরিও হয়েছে।
বৃহস্পতিবার বরগুনার পাথরঘাটায় বিচার বিভাগীয় হাকিম আদালতে দলিল লেখক আজমল হোসেন সাবেক সাংসদ হিরুর বিরুদ্ধে মামলা করেন।
মামলার অপর আসামিরা হলেন- হিরুর ভাতিজা ফরহাদ হোসেন, আবদুল খালেক ও রফিকুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা বাদীর কাছে মাসে ৩০ হাজার টাকা দাবি করেছেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য বৃহস্পতিবার বিকেলে আদালত থেকে নির্দেশনাপত্র পেয়েছেন।
এছাড়া বুধবার গোলাম সরোয়ার হিরুর বিরুদ্ধে পাথরঘাটা ভূমি অফিসের সার্ভেয়ার ইউসুব আলী তালুকদার সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
তবে গোলাম সরোয়ার হিরুর অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলায় তার নামে মিথ্যা মামলা ও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০১৯ ঘ.
bdnews24