২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলগুলোকে উপজেলা নির্বাচনে আনতে সরকার উদ্যোগ নেবে না: ইকবাল

উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে আনতে সরকার কোনো উদ্যোগ নেবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 11:44 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে আনতে সরকার কোনো উদ্যোগ নেবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা নির্বাচন বয়কটসহ তিনদফা দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রসঙ্গে প্রশ্ন করা হলে আনোয়ারুল ইকবাল বলেন, "এটি নির্বাচন কমিশনের বিষয়। কমিশন এ ব্যাপারে তাদের সঙ্গে বসবে। প্রয়োজনে তাদের বোঝানোর চেষ্টা করবে। তবে উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে আনতে সরকার কোনো উদ্যোগ নেবে না।" শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠানের দিন থেকেই ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ড চালু করার কথাও জানিয়েছেন তিনি। আনোয়ারুল ইকবাল বলেন, "শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে যেদিন সংলাপ হবে সেদিন থেকেই ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ড চালু হবে। শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সরকারের সংলাপ বিলম্বিত হওয়ার ট্রেড ইউনিয়ন চালুও বিলম্বিত হচ্ছে।" তিনি জানান, আঞ্চালিক সংলাপ এবং আগামী সপ্তাহে খুলনায় উপদেষ্টা পরিষদের বৈঠকের কারণে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সংলাপ কিছুটা বিলম্বিত হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৭৩৮ ঘ.