২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'একটি প্রতিষ্ঠানের বিদায়'

বাংলাদেশে টেলিভিশন ও মঞ্চ নাটক যাদের অসামান্য অবদানে জনপ্রিয় হয়ে উঠেছে আবদুল্লাহ আল মামুন তাদেরই একজন। নাট্যাঙ্গনের কর্মী-কুশীলবদের কারো কাছে তিনি গুরু, কারো অভিভাবক। তাদের কাছে মামুনের মৃত্যু মানে একটি প্রতিষ্ঠানের বিদায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 11:05 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে টেলিভিশন ও মঞ্চ নাটক যাদের অসামান্য অবদানে জনপ্রিয় হয়ে উঠেছে আবদুল্লাহ আল মামুন তাদেরই একজন। নাট্যাঙ্গনের কর্মী-কুশীলবদের কারো কাছে তিনি গুরু, কারো অভিভাবক। তাদের কাছে মামুনের মৃত্যু মানে একটি প্রতিষ্ঠানের বিদায়। বৃহস্পতিবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালে এই নাট্যকার, পরিচালক ও অভিনেতা মারা যান। মামুনের সঙ্গে বহু বহু বছর ধরে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার। ছিলেন অকৃত্রিম বন্ধু। প্রতিক্রিয়া জানতে চাইলে কান্নায় কোনো কথা বলতে পারেননি তিনি। ফেরদৌসীর মেয়ে ত্রপা মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মা গতকাল রাত থেকেই কাঁদছেন। আবদুল্লাহ আল মামুন ছিলেন আমাদের শিক্ষক। তার অভিনয় আমাদের নাট্যজগতের জন্য পাথেয় হয়ে থাকবে।" মামুনের দীর্ঘদিনের সহকর্মী রামেন্দু মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি প্রতিষ্ঠানের বিদায় ঘটল। বাংলাদেশ টেলিভিশনে মামুনের হাত ধরেই নাটক পরিণত হয়েছে। তার চলে যাওয়ায় আমাদের যে ক্ষতি হলো তা সহজে পুরণ হওয়ার নয়।" নাট্যকার মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামুন ছিলেন একজন শক্তিমান শিল্পী। নাটক দিয়ে তিনি দেশ ও মানুষের কথা বলে গেছেন।" ঢাকা থিয়েটারের পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বলেন, "তার হাত ধরেই আমরা গ্র"প থিয়েটার আন্দোলন শুরু করেছিলাম। তিনি অসংখ্য নাট্যকর্মী সৃষ্টি করেছেন। উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় চলচ্চিত্র।" অভিনেতা তারিক আনাম আবেগভেজা কণ্ঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টেলিভিশন ও মঞ্চ নাটককে তিনিই (মামুন) জনপ্রিয় করেছেন।" অভিনেত্রী নিমা রহমান বলেন, "তিনি ছিলেন আমার অভিভাবক।" চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের সঙ্গে আবদুল্লাহ আল মামুনের পরিচয় ১৯৬৮ সালে। ১৯৬৯ এর গণ অভ্যুত্থানের সময় চাষীর 'চিমনির ধোঁয়া' সিনেমায় অভিনয় করেন মামুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চাষী বলেন, "তার সেই অনবদ্য অভিনয় আজও আমাকে নাড়া দেয়।" অভিনেতা কে এস ফিরোজ বলেন, "মামুন ভাই ছিলেন আমাদের গুরু।" অভিনেতা আজাদ আবুল কালামের কাছে মামুনের মৃত্যু খুবই অপ্রত্যাশিত। "তার (মামুন) সমবয়সীরা এখনও দারুণ উদ্যমে কাজ করছেন। অথচ তিনি চলে গেলেন। টেলিভিশন নাটককে জনপ্রিয় করার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান তার। টেলিভিশনে সবচেয়ে বেশি অভিনীত নাটকও তার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসিএইচ/এসএম/আরএ/জেকে/জিএনএ/১৬৫৭ ঘ.