২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকায় অর্ন্তভুক্তি নিয়ে জেনেভা ক্যাম্পে উত্তেজনা

দেশের বিভিন্ন এলাকায় বসবাসকারী উর্দুভাষীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ শুরুর প্রথম দিন বুধবার রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে উত্তেজনা দেখা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের বিভিন্ন এলাকায় বসবাসকারী উর্দুভাষীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ শুরুর প্রথম দিন বুধবার রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে উত্তেজনা দেখা দেয়। জেনেভা ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষীদের ভোটার করার জন্য বুধবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা সেখানে গেলে ক্যাম্পের বাসিন্দাদের একপক্ষ তাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় কমিশনের কর্মকর্তারা সামান্য কয়েকজনকে ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করেই ফিরে আসতে বাধ্য হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্যাম্পের বাসিন্দাদের নাম অর্ন্তভুক্ত করার জন্য বুধবার বেলা ১২টার দিকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা সেখানে যান। এসময় ক্যাম্পের এক দল বাসিন্দা ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করার পক্ষে এবং আরেক দল বিপক্ষে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। সেখানে আগে থেকেই মোতায়েন করা পুলিশ সদস্য এবং পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কমিশনের কর্মকর্তারা সামান্য কয়েকজনকে ভোটার করেই ফিরে যান। ঢাকা জেলার উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে যারা ভোটার হতে ইচ্ছুক আমরা শুধু তাদেরই ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করার উদ্যোগ নিয়েছি। কাউকে জোর করে ভোটার করা হবে না। আজকের ঘটনা আমরা ইতোমধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করেছি।" তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেযারা ভোটার হতে ইচ্ছুক তাদের ভোটার করার চেষ্টা অব্যাহত থাকবে। ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকাসহ দেশের ১১৬টি ক্যাম্পে প্রায় ৪০ হাজার উর্দুভাষী ভোটার রয়েছে। এদের আগস্টের মধ্যে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার থেকে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন ফরম পূরণের পর ছবি তোলা ও ডাটা এন্ট্রির কাজ শুরু করা হবে।" উর্দুভাষীদের ভোটার করতে গত ২১ জুলাই নির্বাচন কমিশনকে আদেশ দেয় হাইকোর্ট। ঢাকায় উর্দুভাষীদের প্রায় ৩০টি ক্যাম্প রয়েছে। এছাড়া নীলফামারী, সৈয়দপুর, রংপুর, বগুড়া, চট্টগ্রাম, রাজশাহী, রাজবাড়ী, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, জামালপুরসহ ১৫টি জেলায় এ ধরনের ভোটার আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/টিএইচ/এমএইচবি/২১৩১ ঘ.