২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্তে গাফিলতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপারগ পুলিশ

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলা তদন্তে কর্মকর্তা বদল হয়েছে চার বার। তদন্তে গাফিলতির জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা এতদিন জানিয়ে এলেও পুলিশ প্রধান নূর মোহাম্মদ মঙ্গলবার বলেছেন, ভুল তদন্তের জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে পুলিশ বিভাগের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আইনগত কোনও সুযোগ এখন আর নেই। বিস্তারিত জানাচ্ছেন আবু নোমান সজীব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 08:48 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলা তদন্তে কর্মকর্তা বদল হয়েছে চার বার। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ভুল তদন্তের মাধ্যমে মামলাটি ভিন্ন খাতে পরিচালনার অভিযোগ ওঠে আওয়ামী লীগসহ বিভিন্ন মহল থেকে। বর্তমান সরকারের সময়ে দেওয়া অভিযোগপত্রে ওই ঘটনার সঙ্গে জঙ্গিদের পাশাপাশি সাবেক উপমন্ত্রী আব্দুস সালম পিণ্টুর সংশ্লিষ্টতাও খুঁজে পাওয়া যায়। তদন্তে গাফিলতির জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা এতদিন জানিয়ে এলেও পুলিশ প্রধান নূর মোহাম্মদ মঙ্গলবার বলেছেন, ভুল তদন্তের জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে পুলিশ বিভাগের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আইনগত কোনও সুযোগ এখন নেই। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হয়। আহত হয় সাংবাদিকসহ শতাধিক মানুষ। হামলার পরপরই মতিঝিল থানায় পুলিশ একটি মামলা দায়ের করে। মামলার বাদি হন মতিঝিল থানার তখনকার উপ-পরিদর্শক শরিফ আহমেদ। প্রথমে এর তদন্তের দায়িত্ব দেওয়া হয় মতিঝিল থানার উপ-পরিদর্শক আমির হোসেনকে। তাকে বদলে পরে দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শামসুল ইসলামকে। এরপর তদন্তের দায়িত্ব পান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আব্দুর রশীদ ও মুন্সি আতিকুর রহমান। বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন মামলাটি তদারক করেন। সর্বশেষ ২০০৭ সালের ২২ আগস্ট এ মামলার তদন্তভার দেওয়া হয় সিআইডি কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল কবীরকে। ফজলুল কবীরই আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে গত ১১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ফজলুল কবীর দায়িত্ব নেওয়ার আগে ২০ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো এবং ১৬৪ ধারায় তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। নোয়াখালীর জনৈক জজ মিয়াকে গ্রেপ্তার করে তার স্বীকারোক্তিতে পুলিশ দাবি করে, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী। জজ মিয়ার স্বীকারোক্তি নিয়ে পুলিশের ওই বক্তব্যে বিতর্কের ঝড় বয়ে যায়। জজ মিয়াকে নিয়ে পুলিশ 'নাটক' করছে বলেও অভিযোগ ওঠে। হামলার সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতা ওই সময় পুরোপুরি আড়াল করা হয়। ওই সময় গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা মোখলেসুর রহমানকেও। কিন্তু ফজলুল কবীরের তদন্তে হামলার সঙ্গে গ্রেপ্তারকৃত ওই ২০ জনের কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তার দাখিল করা অভিযোগপত্রে ওই ২০ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। আগের তদন্তকারী কর্মকর্তা আব্দুর রশীদ, মুন্সি আতিকুর রহমান এবং মামলার তদারককারী কর্মকর্তা রুহুল আমিনের বিরুদ্ধে মামলার আলামত নষ্ট করার অভিযোগ ওঠে। এ বিষয়ে জানতে চাইলে সর্বশেষ তদন্ত কর্মকর্তা ফজলুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলামত নষ্ট করা হয়নি, তবে একটি আলামত 'মিসিং' রয়েছে।" এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলতে রাজি হননি তিনি। তবে সিআইডি প্রধান জাবেদ পাটেয়ারি বলেন, "আলামত নষ্টের কোনও তথ্য আমাদের কাছে নেই।" পুলিশ প্রধান নূর মোহাম্মদ বিভিন্ন সময় সাংবাদিকদের বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার ভুল তদন্তের জন্য দায়ী আগের তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মঙ্গলবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসলে আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালিয়েছিলাম। এ জন্য বিভিন্ন আইনি দিকও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে তারা সবাই চাকরি থেকে অবসর নেওয়ায় এখন আর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আইনগত কোনও সুযোগ পুলিশ বাহিনীর নেই।" একইসঙ্গে তিনি বলেন, "ওই হামলার শিকার কোনও ব্যক্তি বা তাদের পরিবারের সদস্যরা যদি কোনও উদ্যোগ নেয়, তাহলে আমরা সহায়তা করব।" আগের তদন্তে যে ভুল ছিল, তা সিআইডি প্রধান জাবেদ পাটোয়ারিও স্বীকার করেছেন। তবে গাফিলতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আদালতের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। জাবেদ পাটোয়ারি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগের কর্মকর্তাদের তদন্তের পদ্ধতি ভুল ছিল। আদালত মনে করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। অথবা ব্যবস্থা নেওয়ার জন্য সিআইডিকেও বলতে পারে।" তদন্তে গাফিলতির জন্য আদালত কী ব্যবস্থা নিতে পারে- জানতে চাওয়া হলে গ্রেনেড মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একমাত্র সাক্ষ্য প্রমাণ শেষে মামলার রায় ঘোষণার সময় আদালত তার পর্যবেক্ষণে ভুল তদন্তের জন্য আগের তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারেন।" তিনি বলেন, "এর আগে আদালতের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনও সুযোগ নেই। তবে সংশ্লিষ্ট র্কর্তৃপক্ষ (পুলিশ বিভাগ) প্রয়োজন মনে করলে ভুল তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।" এ বিষয়ে সিআইডি প্রধান জাবেদ পাটোয়ারি বলেন, "আগের তদন্ত কর্মকর্তাদের কেউই এখন পুলিশ বাহিনীতে নেই। পুলিশ বাহিনীতে থাকলে হয়ত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেত।" গ্রেনেড হামলার ঘটনায় একটি মামলা দায়ের হলেও তদন্ত শেষে পুলিশ হত্যার ঘটনায় একটি এবং বিস্ফোরক আইনে আরেকটি মোট দুটি অভিযোগপত্র দেয়। ফলে এটি এখন দুটি মামলায় পরিণত হয়েছে। দুটি মামলাই বর্তমানে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রয়েছে। এগুলো দ্রুত বিচার আদালতে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআই/জিএনএ/১৪৪৩ ঘ.