ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
অভিযোগ প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বনিম্ন ১০ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।
আগামী ৩ সেপ্টেম্বর এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
বুধবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার সংসদ ভবনে স্থানান্তরিত বিশেষ এজলাসে বসে এ আদেশ দেন।
অন্য আসামিদের বিরুদ্ধে হাসিনাকে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
সকাল ১০টায় আদালত শুরু হলে হাসিনার আইনজীবীরা অভিযোগ গঠন এক মাসের জন্য মুলতবি করার আবেদন জানান। তারা আদালতকে জানান, শেখ হাসিনা চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। তার চিকিৎসা শেষ হয়ে গেছে। আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন। দেশে ফিরে তিনি আদালতে এসে তার বিরুদ্ধে আনা অভিযোগ শুনতে চান।
এ অবস্থায় তারা আদালত এক মাসের জন্য মুলতবি করতে বলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এর বিরোধিতা করে বলেন, "হাসিনা এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন। তার নিযুক্ত আইনজীবীরাই মামলার কার্যক্রমে অংশ নিচ্ছেন। আদালতে উপস্থিত না থাকলেও এতে তার কোন ক্ষতি হবেনা। সুতরাং অভিযোগ গঠন করা হোক।"
এরপর বিচারক আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান এবং তারা দোষী না নির্দোষ তা জিজ্ঞেস করেন। আসামিরা নিজেদেরকে নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার প্রার্থনা করেন।
হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ তার নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট সাহারা খাতুনকে পড়ে শোনানো হয়। এসময় হাসিনা দোষী না নির্দোষ তা জানতে চাইলে সাহারা খাতুন বলেন,"সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ নির্দোষ।"
এর আগে গত ১২ আগস্ট হাসিনা সহ মামলার অন্য্য আসমিদের আদালতে হাজির হওয়ার নির্দেষ দেওয়া হয়। বুধবার অন্য আসামিরা উপস্থিত থাকলেও বিদেশে চিকিৎসাধীন থাকায় হাসিনা আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে সাহারা খাতুন হাজিরা দেন।
এ মামলার অন্যতম আসামি সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মুস্তাফিজুর রহমান গত ৩ আগস্ট মারা গেছেন।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনকে আসামি করা হয়। এতে অভিযোগ করা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে 'অপ্রয়োজনে' এই ৮টি মিগ-২৯ বিমান কেনায় রাষ্ট্রের প্রায় ৭০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।
২০০৩ সালের ২৯ জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরই হাসিনা মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট এর কার্যক্রম স্থগিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১১৫৫ ঘ.
bdnews24