২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 04:42 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

রাজশাহী, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয়েছে। সকাল আটটায় জরুরি সিন্ডিকেট সভা আহবান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। সিন্ডিকেট সভার সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ শাফি বলেন,"উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জানমালের নিরাপত্তার জন্য ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদেরকে ১২ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।" সভায় সর্ব সম্মতিক্রমে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান। মঙ্গলবার রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এক জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালে জন্য বন্ধ ঘোষণা এবং বেলা ১২টার মধ্যে আবাসিক হলের শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত মোতাবেক বুধবার সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের লাউঞ্জে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামতের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় সিন্ডিকেট সদস্য ও স্থানীয় ইসলামিয়া কলেজের অধ্যক্ষ সিদ্দিক হোসেন, রাবির অধ্যাপক আবুল হাসেম, কোষাধ্যক্ষ মোজাম্মেল হক, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফজলুর রহমান এবং সিন্ডিকেট সভার সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মোহাম্মদ শাফি উপস্থিত ছিলেন। বাবার অসুস্থতার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী হুমায়ুন আহমেদ ঢাকায় যাওয়ার জন্য দুপুর আড়াইটার দিকে হানিফ এন্টারপ্রাইজ নামের একটি বাসের বিনোদপুর কাউন্টারে যায়। টিকিট চাইলে কাউন্টারের ম্যানেজার কনক নির্ধারিত ভাড়া তিনশত টাকা দাবি করে নাটোরে গিয়ে সিট দেয়া হবে বলে তাকে জানায়। কিন্তু নাটোরে গিয়েও সিট দেয়া না হলে রানা প্রতিবাদ করে। ফলে নাটোর থেকে বাসের সুপারভাইজার তাকে নামিয়ে দেয়। রাজশাহীতে ফিরে এসে রানা তার টাকা ফেরত চাইলে কাউন্টার ম্যানেজার তাকে চিনে না বলে জানায়। পরে হুমায়ুন তার বন্ধুদের বিষয়টি জানালে রাত আটটার দিকে বেশ কয়েকজন শিক্ষার্থী আবারও টাকা চাইতে আসে। কিন্তু টাকা দিতে অস্বীকার করলে শিক্ষার্থীরা ওই কাউন্টার ভাংচুর করে। পরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে প্রায় অর্ধশত আহত হয়। মঙ্গলবার রাত দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী বিনোদপুরবাসীর সঙ্গে ছাত্রদের সংঘর্ষের ঘটনায় শিক্ষক-ছাত্র-পুলিশ-এলাকাবাসীসহ অন্তত অর্ধশত আহত হন। রাত একটার দিকে পুলিশ অন্তত ১০ রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশে ১০ প্লাটুন দাঙ্গা পুলিশসহ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বিডিআর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ক্যাম্পাস ও এর আশেপাশে টহল জোরদার করেছে। রাতেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান ও মাহবুবুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১০৩৫ ঘ.