রাজশাহী, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পার্শ্ববর্তী বিনোদপুর এলাকার লোকজনের মধ্যে মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ২৫ ছাত্র আহত হয়েছেন। বিনোদপুরের কেউ আহত হয়েছেন কি না তা তাৎক্ষণিক জানা যায়নি।
সংঘর্ষ শুরু হলে রাজশাহী-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এক ছাত্রের বাসে আসন না পাওয়া নিয়ে বিনোদপুরে বাস কাউন্টারে কথা কাটাকাটির পর সংঘর্ষ শুরু হয়।
গুরুতর আহত ছাত্র সাগরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ২৪ ছাত্রকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে কেন্দ্রের ডাক্তার শামীম আহমেদ জানিয়েছেন।
ঘটনাস্থল থেকে রাত সাড়ে ১১টায় মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একদিকে হাজার হাজার ছাত্র আরেক দিকে হাজার হাজার গ্রামবাসী ইটপাটকেল নিক্ষেপ করছে। কোন পক্ষকে থামানো যাচ্ছে না।"
এর আধা ঘণ্টা আগে তিনি জানান, বিনোদপুর পুলিশের নিয়ন্ত্রণে আছে। "তাই আমরা এখনও অ্যাকশনে যাচ্ছি না।"
পরিস্থিতি নিয়ন্ত্রণে আট প্লাটুন পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
তবে ঘটনাস্থল থেকে আমাদের রাজশাহী প্রতিনিধি জানান, বিনোদপুরের লোকজন বিশ্বাবদ্যালয় ক্যাম্পাসে ঢুকে শাহ মখদুম হল ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ইটপাটকেল নিক্ষেপ করেছে। পুলিশ অ্যাকশনে যায়নি। হামলায় মখদুম হলের অনেক জানালার কাচ ভেঙ্গে গেছে। এলাকাবাসী হলটিতে আগুন লাগানোরও চেষ্টা করে।
এর আগে রাত সোয়া ৯টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েকশ পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।"
আহতদের কয়েক জন হলেন ব্যবস্থাপনা বিভাগের ছাত্র রাশেদ, আলিফ ও মনোয়ার রায়হান, লোক প্রশাসনের মিজানুর রহমান, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এর সাগর ও বেলাল, ফলিত পদার্থ বিজ্ঞানের আমিনুল ইসলাম, রাষ্ট বিজ্ঞানের জসীম, প্রত্যয় কুমার ও বাদল; পদার্থ বিজ্ঞানের সাজ্জাদুল জুম্মা, সমাজকর্মের লিটন, আইন ও বিচার বিভাগের আবু সাঈদ, কম্পিউটার সায়েন্সের রাজু, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির আবুল কালাম মিলন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক অমিতাভ নেওয়াজ পাপন।
ছাত্ররা জানান, ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের ছাত্র হুমায়ূন আহমেদ দুপুর আড়াইটার দিকে বিনোদপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ওঠে। কিন্তু সিট খালি না থাকায় তাকে বলা হয় নাটোরে গিয়ে বসতে দেওয়া হবে। নাটোর গিয়েও সিট না পেলে হুমায়ূনের সঙ্গে বাস সুপারভাইজারের কথা কাটাকাটি হয় এবং তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।
হুমায়ূন ৩০ কিলোমিটার দূরের নাাটোর থেকে বিনোদপুর ফিরে এসে কাউন্টারে ঘটনা খুলে বলেন। কাউন্টারের লোকজন পরের গাড়িতে তাকে তুলে দেওয়া হবে বলে জানায়। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও তাকে গাড়িতে না তুললে তিনি ক্যাম্পাসে ফিরে গিয়ে ১০/১৫জন ছাত্র সঙ্গে নিয়ে কাউন্টারে আসেন। কাউন্টারের কনক নামের এক কর্মীর সঙ্গে কথা কাটাকটির এক পর্যায়ে মারামারি শুরু হয়।
এলাকাবাসী ও কাউন্টারের শ্রমিকরা একদিকে এবং ছাত্ররা আরেকদিকে অবস্থান নিয়ে ইটপাটকেল ছোড়াছুঁড়ি শুরু করে। ঢাকা-রাজশাহী সড়কের একদিকে ছাত্ররা অপরদিকে শ্রমিক ও গ্রামবাসীরা অবস্থান নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০০৯ ঘ.
bdnews24