রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন খর্বের লক্ষ্যেই জনমত উপেক্ষা করে 'আমব্রেলা অ্যাক্ট' নামে আইন প্রণয়নের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক।
তিনি বলেন, "প্রস্তাবিত আমব্রেলা অ্যাক্ট ২০০৭ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের ওপর সরকারের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।"
মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'আমব্রেলা অ্যাক্ট বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন হরণের নয়া কৌশল' শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে হাসান আজিজুল হক এ কথা বলেন।
তিনি বলেন, "আইনটি হলে ছাত্র-শিক্ষকরা তাদের অধিকার থেকে বঞ্চিত এবং শিক্ষাঙ্গনের পরিবেশ ধ্বংস হবে।"
শিক্ষা আন্দোলন মঞ্চ রাজশাহী শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি অধ্যাপক অজয় রায়।
তিনি প্রস্তাবিত এই আইনের তীব্র সমালোচনা করে বলেন, রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটির মাধ্যমে উপাচার্য নিয়োগ করে সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করছে। সরকারি নিয়ন্ত্রণের ফলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন খর্ব এবং ছাত্র-শিক্ষকদের অধিকার নস্যাৎ হবে। ধ্বংস হবে শিক্ষাঙ্গন।
সেমিনারে আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক সাইফুর রহমান তপন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মারুফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২০ ঘ.
bdnews24