ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসল্যান্ডের প্রেসিডেন্ট ওলাফুর র্যাগনার গ্রিমসন ব্যক্তিগত সফরে আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দেবেন।
দক্ষিণ এশিয়ার খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটি যৌথভাবে সম্মেলনটির আয়োজন করছে।
আইসল্যান্ডের প্রেসিডেন্টের সফর প্রসঙ্গে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি আগামী ২৬ আগস্ট ঢাকা আসবেন। এটা তার ব্যক্তিগত সফর; সরকারি সফর নয়।"
পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বলেন, "আইসল্যান্ডের প্রেসিডেন্টকে তার মর্যাদা অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে। ৩০ আগস্ট তার বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।"
গ্রিমসনের সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন। পররাষ্ট্র সচিব বৈঠকে সভাপতিত্ব করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২১০৬ ঘ.
bdnews24