বান্দরবান, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের দুলইন্যা কাটা পাড়ায় বন্য হাতির আক্রমণে মঙ্গলবার দোছড়ি ইউপি চেয়ারম্যান হাবীবুল্লাহ বাহারসহ ছয়জন আহত হয়েছেন।
গুরুতর আহত হাবীবুল্লাহ বাহারকে কক্সবাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর পাঁচজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবাব আসলাম হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে হাবীবুল্লাহ বাহারসহ কয়েকজন দুলইন্যা কাটা পাড়ায় ভোটার আইডি কার্ড বিতরণ করার সময় পার্শ্ববর্তী পাহাড় থেকে একটি বন্য হাতি অতর্কিতে তাদের আক্রমণ করে। এ সময় সবাই গাছে উঠে গেলেও হাতি শূঁড় দিয়ে তাদের টেনে নামিয়ে মাটিতে আছড়ে ফেলে।
এর আগে ৪ আগস্ট রাতে হাতির আক্রমণে নিহত হয়েছিলেন নাইক্ষ্যংছড়ির দোছড়ির গ্রামের তুলাতলী পাড়ার আনু মিয়ার স্ত্রী জমিলা খাতুন (৩০) ও তার ছেলে আমিনুল ইসলাম (৮)।
১০ জুলাই রাতে মারা গিয়েছিলেন লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের তীরের ডেবার সৈয়দ আলম (৫০), তার স্ত্রী জরিনা খাতুন (৪০), ছেলে জোবায়ের (১০) ও মেয়ে কুলসুম আরা (৪)।
এছাড়া জুলাইয়ের শেষ সপ্তাহে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে একজন, লামার হারগাজায় একজন হাতির আক্রমণে নিহত হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৮ ঘ.
bdnews24