ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে বুধবার থেকে শুরু হয়েছে খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রম। এর আওতায় প্রতিদিন ১৪ লাখ মানুষের কাছে তিন কেজি করে চাল বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি চাল পাওয়া যাচ্ছে ২৮ টাকায়।
বুধবার সকালে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান রাজধানীর পলাশী বাজারে ওএমএস কার্যক্রম উদ্বোধন করেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সারাদেশে ৭ হাজার ১৪১ জন ডিলারের মাধ্যমে চাল বিক্রি চলবে। রাজধানীতে ৯৪৫ জন নিয়মিত ডিলার ছাড়াও ২৫টি ট্রাকে করে চাল বিক্রি হবে।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমককে বলেন, "এবারে ওএমএসের আওতায় আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে মোট ৫৯ দিন চাল বিক্রি করা হবে। ১৪ লাখ মানুষের কাছে প্রতিদিন বিক্রির লক্ষ্য ঠিক করে মোট দুই লাখ ৫১ হাজার টন চাল বরাদ্দ করা হয়েছে।"
বরাদ্দ আরও বাড়ানো হবে কিনা সেটি চাহিদার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন পিউস কস্তা।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, এবার ওএমএস এর আওতায় প্রতিদিন একজন ব্যক্তি তিন কেজি করে চাল কিনতে পারবেন। শুক্রবার ছাড়া সপ্তাহে ছয়দিন দোকান খোলা থাকবে। প্রতি কেজি চালের দাম পড়বে ২৮ টাকা।
সারাদেশে ৭ হাজার ১৪১ জন ডিলারের মাধ্যমে চাল বিক্রি কার্যক্রম পরিচালিত হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয়টি সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের ডিলাররা ৭৬৫ কেজি এবং অন্যান্য স্থানের ডিলাররা প্রতিদিন ৫১০ কেজি করে চাল বিক্রি করবেন। ঢাকা শহরের জন্য ৯৪৫ জন নিয়মিত ডিলার ছাড়াও ২৫টি ট্রাকে করে চাল বিক্রি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএইচডি/এমআই/১২৪৯ ঘ.
bdnews24