২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা হোসেন হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার দ্রুত বিচার আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 01:07 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার দ্রুত বিচার আদালত। দ্রুত বিচার আদালত-১ এর বিচারক মো. মাসদার হোসেন মঙ্গলবার এই রায় দেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিরা হচ্ছে- আইয়ুব মুন্সী ও কামরুল মাতুববর। এর মধ্যে কামরুল পলাতক। আদালত এ মামলার ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এরা হচ্ছে- মোঃ নুরুল ইসলাম, জহুরুল হোসেন, মাগরিব হোসেন, আব্দুর রাজ্জাক, বিল্লাল হোসেন ও বাদশা মিয়া। কারাদণ্ডের পাশাপাশি এদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টাকা দিতে ব্যর্থ হলে তাদের আরও এক বছর সাজা খাটতে হবে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। ২০০৫ সালের ২০ জুন আবুল হোসেন এবং তার দুই ছেলেকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে গুরুতর আহত আবুল হোসেন পরে মারা যায়। নিহতের ছেলে সোহাগ হোসেন ওই ঘটনায় ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর মামলা হিসেবে চিহ্নিত করে এ মামলা পরে দ্রুত বিচার আদালতে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৫৮ ঘ.