২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে পাহাড় ধসে একজন নিহত, সড়ক যোগাযোগ আবার চালু

বান্দরবান-কেরানীহাট সড়ক থেকে পানি নেমে যাওয়ায় মঙ্গলবার দুপুর থেকে সারাদেশের সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ আবার চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 01:07 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

বান্দরবান, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবান-কেরানীহাট সড়ক থেকে পানি নেমে যাওয়ায় মঙ্গলবার দুপুর থেকে সারাদেশের সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ আবার চালু হয়েছে। তবে বিকেলে আবারও বর্ষণ শুরু হওয়ায় নতুন করে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা রয়েছে। বর্ষণের কারণে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড় ধসে এক বৃদ্ধা মারা গেছেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবাব আসলাম হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে বান্দরবান-কেরানীহাট সড়কের বাইতুল ইজ্জত ও বাজালিয়া এলাকায় দু'টি স্থান থেকে পানি নেমে যাওয়ায় দুপুর থেকে সড়ক যোগাযোগ আবার চালু হয়েছে। অবিরাম ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে এ দু'টি স্থানে প্রায় ৪০০ ফুট রাস্তা ৪ থেকে ৫ ফুট পানির নিচে তলিয়ে যায়। ফলে রোববার রাত থেকে জেলা সদরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ইউএনও জানান, দুপুরের পর থেকে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল স্বভাবিক হয়েছে। কিন্তু বিকেল থেকে আবারও ভারি বর্ষণ শুরু হওয়ায় নতুন করে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। তিনি বলেন, আজ (মঙ্গলবার) ভোরে উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙাঝিরি এলাকায় বসত ঘরে পাহাড় ধসে মৃত বাছা মিয়ার স্ত্রী ছফুরা খাতুন (৫০) মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫৪ ঘ.