ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে আরেক দফা সংলাপে বসতে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। চিঠিতে এই আলোচনার জন্য তারিখ ও সময় চাওয়া হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা এবং উপজেলা নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে দলটির পক্ষ থেকে এ চিঠি দেওয়া হয়।
একই বিষয়ে আলোচনার আগ্রহের কথা জানিয়ে নির্বাচন কমিশনকেও আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান ও উপ দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রধান উপদেষ্টার সচিব কাজি এম আমিনুল ইসলামের কাছে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি পৌঁছে দেন।
আব্দুল মান্নান খান ও বিএম মোজাম্মেল হক বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে চিঠির অনুলিপি হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে চিঠিতে বলা হয়, "ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদের নির্বাচনের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে জনমনে বিভ্রান্তি ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। আমরা মনে করি সরকারের সঙ্গে আমাদের আগের আলোচনার ধারাবাহিকতা অনুসরণ এবং জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা এবং উপজেলা নির্বাচন প্রসঙ্গে আমাদের প্রস্তাব-অভিমত বিষয়ে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীর সঙ্গে যথাসম্ভব দ্রুত বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দলের আলোচনা হওয়া বাঞ্ছনীয়।"
সাড়ে ৪টার দিকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একই বিষয়ে আরেকটি চিঠি দিয়েছে আওয়ামী লীগ।
নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবিরের কাছে চিঠিটি হস্তান্তর শেষে আব্দুল মান্নান খান সাংবাদিকদের জানান, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনের অবস্থান ও আওয়ামী লীগের সুর্নির্দিষ্ট প্রস্তাব নিয়ে তারা আরেক দফা সংলাপে বসতে চান। তা জানিয়েই চিঠিটি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এএল/এমআই/১৭০৯ ঘ.
bdnews24