গোপালগঞ্জ, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোটালীপাড়ায় ব্র্যাক কার্যালয়ে হামলা মামলায় সাক্ষ্য দিতে না আসায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গোপালগঞ্জ বিশেষ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. সেকান্দার আলী সোমবার এই পরোয়ানা জারি করেন।
দুই পুলিশ কর্মকর্তা হলেন- টুঙ্গিপাড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মো. মোবারক আলী ও উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম।
গোপালগঞ্জ জজ আদালতের পেশকার মো. ইব্রাহিম খলিল মামলার বরাত দিয়ে জানান, সোমবার ছিল কোটালীপাড়া ব্র্যাক কার্যালয়ে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর জঙ্গিদের হামলার ঘটনায় করা বিম্ফোরক মামলা এবং একটি অস্ত্র মামলায় সাক্ষ্য গ্রহণের দিন।
বিম্ফোরক মামলায় পাঁচজন এবং অস্ত্র মামলায় তিনজনের সাক্ষ্য গ্রহণের কথা ছিল। কিন্তু কোনো সাক্ষী হাজির না হননি। আদালত সব সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী ২৩ সেপ্টেম্বর মামলা দুটোর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
২০০৫ সালের ১৮ জানুয়ারি রাতে কোটালীপাড়া ব্র্যাক কার্যালয়ে জেএমবির সদস্যরা হামলা করে। টাকা মোবাইল ফোন ও মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় টুঙ্গিপাড়ার বাঁশবাড়ীয়া পুলিশ ক্যাম্প এলাকা ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নিলফা বাজার এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় অস্ত্র ও গোলাবারুদসহ সাত জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে সাতটি বোমা, একটি নাইন এমএম পিস্তল ও একটি বেয়োনেট উদ্ধার করা হয়।
এরপর গ্রেপ্তার সাতজনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় বিস্ফোরক ও অস্ত্র আইনে পুলিশ পৃথক দুটি মামলা করে। সাত জেএমবি সদস্য এখন ফরিদপুর কারাগারে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২০ ঘ.
bdnews24