মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রতিবেদক, চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম, আগস্ট ১৮ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম) - ছয় বছরের মেয়ে শাহজাদীকে হারিয়ে সাজু মিয়া আহজারি করতে করতে বলছিলেন, "মাইয়্যা যদি আমাগো লগে ঘূমাইত তাইলে মারা যাইত না।"
মাটিচাপা পড়া ঘর দেখিয়ে দিয়ে সাজু মিয়া বলেন, নিজের কোল ছাড়া করে মেয়েকে হারিয়েছেন তিনি। শাহজাদী ঘুমিয়েছিল তাদের সঙ্গে। পরে রাত ১টার দিকে পাশের কক্ষে দাদির কাছে গিয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন মিন্টু চৌধুরী।
সোমবার ভোররাতে চট্টগ্রামের লালখান বাজার মতি ঝর্ণা এলাকার ট্যাঙ্কির পাহাড়ের একটি অংশ ধসে মারা গেছে ১১ জন। এর মধ্যে সাজু মিয়ার মেয়ে শাহজাদীও রয়েছে। গত বছর ১১ জুন পাহাড় ধসে মারা গিয়েছিল শতাধিক মানুষ।
সাজু মিয়া বলেন, ভোর সাড়ে চারটা কি পাঁচটা হবে। তখন তারা সবাই ঘুমিয়ে। বিকট শব্দে হঠাৎ ঘুম ভেঙে দেখেন ঘরের একটি কক্ষের ওপর পাহাড়ের কিছূ অংশ ধসে পড়েছে। মাটির নিচে চাপা পড়ে আছেন তার মা আয়জননেছা ও শাহজাদী।
তাৎক্ষণিকভাবে আয়জননেছাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হলেও শাহজাদীকে মাটির নিচ থেকে বের করা যায়নি।
পরে সকাল সাড়ে এগারটায় যখন মাটির নিচ থেকে শাহজাদীকে উদ্ধার করা হয় তখন বাবা-মা আর স্বজনদের আর্তনাদে আশেপাশের বাতাস ভারি হয়ে ওঠে।
অন্য কক্ষে থাকায় বেঁেচ গেছেন শাহজাদীর মা জেসমিন, বড় ভাই মহিম, এবং বাবা সাজু মিয়া। একই কক্ষে ঘুমালেও বেঁচে গেছেন ফুফু নাজমা।
কুমিল্লা জেলার বাসিন্দা সাজু মিয়া একটি চা দোকানের কর্মচারি। গত ২০ বছর ধরে মতিঝর্ণা এলাকায় বাস করেন তিনি।
সাজু মিয়া জানান, ট্যাঙ্কির পাহাড়ের পাদদেশে হোসেন মিয়ার দুই কক্ষের একটি ঘর ১৬শ' টাকায় ভাড়ায় নিয়ে থাকতেন তারা।
জীবনের ঝুঁকি নিয়ে এ রকম ঘরে থাকার ব্যাপারে তিনি বলেন, অল্প টাকায় শহরে ঘর ভাড়া পাওয়া খুবই কঠিন। এছাড়া ভাড়া বাকি পড়লেও মালিক তাড়িয়ে দেয় না। তাই মৃত্যুর ঝুঁকি সত্ত্বেও পরিবার নিয়ে পাহাড়ের কোলে থাকতে হয়েছে।
গত বছর চট্টগ্রামে পাহাড় ধসের পর অনেকবারই উচ্ছেদের কথা বলা হয়েছে। কিন্তু তারা সেখান থেকে সরেননি। ঘরের মালিকও তাদের ওঠার জন্য কোন তাগাদা দেননি বলে তিনি জানান।
শুধু সাজু মিয়া নয়, একই অবস্থা শহীদ আলীর। তার কিশোরী মেয়ে বিকলকিসকে (১৭) হারিয়ে আহাজারি করছেন শহীদ। দুপুর বারটা পর্যন্ত মেয়েকে উদ্ধার করতে পারেননি।
তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, প্রশাসন দুইমাস আগে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়ার নোটিশ দিয়েছিল। তারা চলে যেতে চাইলেও ভাড়া বাকি থাকায় মালিক হোসেন মিয়া তাদের ঘর ছাড়তে দেয়নি।
সরেজমিনে দেখা গেছে, পুরো মতিঝর্ণা এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর উচ্ছেদ অভিযান চলা সত্ত্বেও নিম্ন আয়ের লোকজন এখনও বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে বাস করছে।
এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মতিঝর্ণা এলাকার বিভিন্ন পাহাড় কেটে ঘর বানিয়ে ভাড়া দিয়েছেন। প্রশাসন বারবার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের উচ্ছেদ করলেও ঘর মালিকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।
স্থানীয় এক চায়ের দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছরের জুনের শুরুর দিকে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নিতে প্রশাসন উচ্ছেদ ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছিল। যারা ঘরের মালিক বা প্রভাবশালী তারাই তখন প্রশাসনের সঙ্গে তাল মিলিয়েছিলেন। তারাই আবার কিছুদিন পর ঝুঁকিপূর্ণ এলাকায় ঘর তৈরি করে ভাড়া দিয়েছেন।
চট্টগ্রাম সিটি কপরোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম. মনজুর আলম বলেন, এর আগে মালিকদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। ঘর সরিয়ে নেওয়ার ব্যাপারে তারা প্রতিশ্র"তিও দিয়েছেন। কিন্তু তারা সে প্রতিশ্র"তি রক্ষা করছেন না। এবার এ সব মালিকের বিরুদ্ধে মামলা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এমএসবি/১৮৫৮ ঘ.
bdnews24