ঢাকা, আগস্ট, ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জেল হত্যা মামলার নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামীদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর রায় দেওয়া শুরু করেছে হাইকোর্ট।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আতাউর রহমান খানের বেঞ্চ দীর্ঘ ২৬ কার্যদিবস শুনানি গ্রহণ করে সোমবার দুপুর দুইটা থেকে রায় দেওয়া শুরু করে যা মঙ্গলবারও অব্যাহত থাকবে।
আসামী বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের পক্ষের কৌসুলী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত রায়ে এ মামলার ঘটনার বর্ণনা দেওয়া শেষ করেছেন। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বক্তব্যের বর্ণনা শুরু করেছেন। মঙ্গলবারও রায় দেওয়া অব্যাহত থাকবে।"
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার কয়েকমাস পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর তার চার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী ও কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক অবস্থায় হত্যা করা হয়।
এ হত্যাকাণ্ডের পরদিন লালবাগ থানায় তৎকালীন পুলিশের ডিআইজি আবদুল আওয়াল আসামী তৎকালীন ক্যাপ্টেন মোসলেমউদ্দিনসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দীর্ঘ ২৩ বছর এ মামলাটি কার্যত হিমাগারে থাকার পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৯৯৮ সালের ১৫ অক্টোবর আসামী মোসলেমউদ্দিন ও লে. কর্নেল সৈয়দ ফারুক রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
২০০৪ সালের ২০ অক্টোবর দীর্ঘ ৬ বছর মামলার বিচার করে ঢাকা মহানগর দায়রা জজ মোঃ মতিউর রহমান রায় দেন। রায়ে আদালত মোসলেমউদ্দিন, দফাদার মারফত আলী ও দফাদার আবুল হাসেম মৃধাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।
নিম্ন আদালত লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান ও মেজর মোঃ বজলুল হুদাসহ ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
মেজর মোঃ খায়রুজ্জামান ও রাজনীতিক কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুরকে এ হত্যাকাণ্ডের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।
রায়ের পরপরই দণ্ডপ্রাপ্তরা আপিল করেন। যুক্তরাষ্ট্র মহিউদ্দিনকে গত বছর ফেরত পাঠানোর পর তিনি আপিল করেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আনিসুল হক। আসামী কর্নেল ফারুক ও মেজর মহিউদ্দিনের পক্ষে শুনানি করেন খান সাইফুর রহমান। সুলতান শাহরিয়ার রশিদ খানের পক্ষের শুনানি করেন আবদুর রেজাক খান।
দীর্ঘ চার বছর পর গত ১৩ জুলাই নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামীদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হাইকোর্টে শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮৪৫ঘ.
bdnews24