ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের জনগণই তাদের নতুন রাজনৈতিক গন্তব্য নির্ধারণ করবে বলে সোমবার মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী
পাকিস্তানের সেনাশাসক পারভেজ মুশাররফ অভিশংসনের মুখে রাষ্ট্রপতি পদ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেওয়ায় শুভকামনা জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইফতেখার আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আশা করি পাকিস্তান ভাল করবে।"
তিনি বলেন, "বাংলাদেশ বিশ্বাস করে পাকিস্তানের জনগণই তাদের রাজনৈতিক গন্তব্য নির্ধারণ করবে।"
পারভেজ মুশাররফের পদত্যাগের ঘটনায় দুই দেশের সম্পর্কে কোন পরিবর্তন হবে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।
১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশাররফ সেসময়ের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফকে হটিয়ে ক্ষমতা দখল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএ/এসকে/১৬৫৫ঘ.
bdnews24